শ্রমবাজার খোলা ও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগ
https://parstoday.ir/bn/news/event-i160652-শ্রমবাজার_খোলা_ও_রোহিঙ্গা_সংকট_সমাধানে_বাংলাদেশ_মালয়েশিয়ার_যৌথ_উদ্যোগ
প্রায় ১৮ ঘণ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ছাড়ার পর দেশটির সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই কৃতজ্ঞতা বার্তাটি প্রকাশ করে।
(last modified 2026-06-23T12:57:49+00:00 )
জুন ২৩, ২০২৬ ১৮:৪৯ Asia/Dhaka
  • সস্ত্রীক তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম
    সস্ত্রীক তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

প্রায় ১৮ ঘণ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ছাড়ার পর দেশটির সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই কৃতজ্ঞতা বার্তাটি প্রকাশ করে।

বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনায় গভীরভাবে অভিভূত। এই সফর দুই দেশের বহু দশকের পুরনো ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে, যার সূচনা হয়েছিল আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার শাসনকাল থেকে।" সফরকালে সময় দেওয়ার জন্য মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকেও ধন্যবাদ জানান তিনি।

শ্রমবাজার ও অনিয়মিত শ্রমিকদের বৈধকরণের আহ্বান

এর আগে সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়া এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। পাশাপাশি মালয়েশিয়ায় থাকা অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করা এবং আটকে থাকা শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও উত্থাপন করেন। দুই নেতাই একমত হন যে, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং শ্রমিকদের অভিবাসন ব্যয় কমানো যায়।

হাস্যোজ্জ্বল তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

৩টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

দুই দেশের শীর্ষ বৈঠকের পর প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ সংক্রান্ত আরও দুটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বাংলা গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ আনোয়ার ইব্রাহিমের

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে স্মরণীয় করে রাখতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে। আজ মঙ্গলবার সকালে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া জনপ্রিয় বাংলা গান ‘মহাজাদু’।

ভিডিওতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি ও হালাল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের মাধ্যমে উদ্যোগ

ভিডিওর একটি অংশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশ ও মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানে দুই দেশ যৌথভাবে কাজ করবে। একই সাথে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় এবং ‘আসিয়ান’ (ASEAN)-এর মাধ্যমে আলোচনা চালানো হবে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, এই সফর দুই দেশের সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করল।#

পার্সটুডে/এমএআর/২৩