ইরানের পারমাণবিক ও সংবেদনশীল স্থাপনায় হামলার হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি
কুয়েতে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোনের ধ্বংসাত্মক হামলা অব্যাহত
-
কুয়েতে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোনের ধ্বংসাত্মক হামলা অব্যাহত
পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ‘সায়েকেহ’ (বজ্রপাত) অভিযানের ২১তম ধাপে কুয়েতের আদদোহা সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর ইউনিটগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন আগ্রাসনের পুনরাবৃত্তির জবাবে আজ বুধবার ভোরে ‘সায়েকেহ’ অভিযানের ২১তম ধাপে ইরানের সেনাবাহিনী ব্যাপক সংখ্যক আত্মঘাতী ড্রোন ব্যবহার করে পশ্চিম কুয়েতে অবস্থিত আল-দোহা সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদের গুদাম এবং স্থলবাহিনীর কমান্ড সেন্টারের লজিস্টিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।
আদ-দোহা ঘাঁটি পশ্চিম কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি এবং পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সহায়তা কেন্দ্র। এখানে বিপুল পরিমাণ স্থলবাহিনীর সরঞ্জাম ও সেনাসদস্যের পাশাপাশি মার্কিন নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও অবস্থান করছে।
এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘নাসর-২’ অভিযানের ২৪তম ধাপ অব্যাহত রেখে এবং অঞ্চলকে রাডারমুক্ত করার ধারাবাহিকতায় আইআরজিসির যোদ্ধারা আলি আল-সালেম ঘাঁটির আশপাশে একটি প্রারম্ভিক সতর্কীকরণ রাডার, একটি কৌশলগত রাডার কমপ্লেক্স এবং কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত আরেকটি রাডার ব্যবস্থার ওপর হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে এবং কার্যক্রমের বাইরে নিয়ে যায়।
অন্যদিকে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর ইরানের পারমাণবিক ও সংবেদনশীল স্থাপনায় হামলার হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
খাতামুল আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “যদি আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে, তবে আমরা এটিকে আঞ্চলিক যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করব। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সব স্বার্থ, তার মিত্র এবং ওই অনাচারী-অপরাধী ও আগ্রাসী রাষ্ট্রের সমর্থকদের লক্ষ্যবস্তু করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলা।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের সময় দাবি করেন যে, যুক্তরাষ্ট্র “খুব শিগগিরই” মধ্য ইরানে অবস্থিত কুহ-কালাঙ্গ পরমাণু স্থাপনায় হামলা চালাবে। #
পার্সটুডে/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।