বিপুল সংখ্যক আহত
সৌদির ভাড়াটে-সেনা অবস্থানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা; নিহত অন্তত ৫৮
-
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
পার্স টুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সৌদি সেনাবাহিনী ও তার ভাড়াটেদের অবস্থানে ব্যাপক ও পূর্বপরিকল্পিত মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছেন। পূর্ব ইয়েমেনে পরিচালিত এই অভিযানে শত্রুদের ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হওয়ার খবরও দিয়েছেন তিনি।
মেহর নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছেন যে ইয়েমেনি বাহিনী সৌদি সেনাবাহিনী ও তার সংশ্লিষ্ট ভাড়াটেদের অবস্থান ও ঘাঁটিগুলোকে ব্যাপক মিসাইল বা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং তাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটিয়েছে।
ইয়াহিয়া সারি বলেছেন: ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদিদের ব্যাপক সামরিক সমাবেশ শনাক্ত করেছে যাদের উদ্দেশ্য ছিল মুক্ত প্রদেশগুলোতে উত্তেজনা বৃদ্ধি করা এবং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে কাজ করা। তাই, ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি ব্যাপক ও গুরুত্বপূর্ণ সামরিক অভিযান চালিয়েছে, যেখানে রুওয়াইক, আল-আবর, আছ-ছানিয়া এবং তথাকথিত 'প্রথম ও তৃতীয় জরুরি ব্যাটালিয়ন'-এর সাথে সম্পর্কিত অন্যান্য শিবিরে সৌদি শত্রু বাহিনীর সমাবেশগুলোকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই অভিযানের ফলাফল নিম্নরূপ:
১. সৌদি শত্রুর শত শত ভাড়াটে-অনুচর হতাহত
২. পূর্ব ইয়েমেনের আল-উদাইয়া অঞ্চলে সৌদি শত্রুর বিপুল সংখ্যক শিবির, সমাবেশ এবং অস্ত্রাগার ধ্বংস ও আগুনে পুড়ে যাওয়া
৩. টার্গেটভুক্ত শিবিরগুলোতে থাকা বিপুল সংখ্যক সামরিক সাজ-সরঞ্জাম ধ্বংস।
ইয়াহিয়া সারি আরও বলেছেন: ইয়েমেনের সশস্ত্র বাহিনী অপরাধী সৌদি শত্রুকে ইয়েমেনের দেশ ও জনগণের বিরুদ্ধে সংঘটিত হতে পারে এমন কোনো বুদ্ধিহীনতার বিষয়ে সতর্ক করছে এবং যেকোনো উত্তেজনা বৃদ্ধির দায় সৌদিদের ওপর বর্তায় বলে মনে করে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তার বিবৃতির শেষে বলেছেন: আমরা সমস্ত প্রদেশের সম্মানিত ইয়েমেনি জনগণকে আশ্বস্ত করছি যে সশস্ত্র বাহিনী যেকোনো উত্তেজনা মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং আমাদের জাতির সমস্ত সন্তানকে সুসংহত অবস্থায় টিকিয়ে রাখতে এবং সৌদি আগ্রাসন জোরদারের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং সৌদি সমাবেশগুলো যেখানেই থাকুক না কেন সেগুলোতে আক্রমণ করার আহ্বান জানাচ্ছি। আমরা 'অবরোধের বদলে অবরোধ' এই সমীকরণে অটল থাকব যতক্ষণ না ইয়েমেনের ওপর বিজাতীয়দের অন্যায় অবরোধ সমাপ্ত হয়। #
পার্সটুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।