জম্মু-কাশ্মীর এনকাউন্টার : ফারুক আবদুল্লাহর বাড়িতে ‘পিএজিডি’র বৈঠক, বনধের ডাক হুররিয়াতের
https://parstoday.ir/bn/news/india-i100158-জম্মু_কাশ্মীর_এনকাউন্টার_ফারুক_আবদুল্লাহর_বাড়িতে_পিএজিডি’র_বৈঠক_বনধের_ডাক_হুররিয়াতের
জম্মু-কাশ্মীরের হায়দরপোরায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের (‘পিএজিডি’) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০২১ ১৫:৪৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীর এনকাউন্টার : ফারুক আবদুল্লাহর বাড়িতে ‘পিএজিডি’র বৈঠক, বনধের ডাক হুররিয়াতের

জম্মু-কাশ্মীরের হায়দরপোরায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের (‘পিএজিডি’) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সাবেক মুখ্যমন্ত্রী ও  ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহর বাসায় ওই বৈঠক হয়। 

এদিকে আজ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আজ এক বার্তায় বলেন, ‘হায়দরপোরা ঘটনায় অতিরিক্ত জেলাশাসক পর্যায়ের এক প্রশাসনিক কর্মকর্তার   নেতৃত্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়বে এবং সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। জম্মু ও কাশ্মীর প্রশাসন ফের নিরপরাধ নাগরিকদের জীবনরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে। অঙ্গীকার করছে, কারও প্রতি অন্যায় হবে না।’ 

আজ হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা ডটকম’সূত্রে প্রকাশ, ওই ইস্যুতে আগামীকাল (শুক্রবার) মীরওয়াইজ ওমর ফারুকের নেতৃত্বাধীন হুররিয়াত কনফারেন্স বনধের ডাক দিয়েছে। ‘পিএজিডি’র বৈঠকে মুহাম্মাদ ইউসুফ তারিগামি, হাসনাইন মাসুদিসহ সব নেতা ডা. ফারুক আবদুল্লাহর বাসায় পৌঁছন। ওই ঘটনার প্রতিবাদে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পৌর পার্কে ধর্না-অবস্থানে শামিল হন।   

‘পিএজিডি’মুখপাত্র মুহাম্মাদ ইউসুফ তারিগামি বলেন, গোটা কাশ্মীর, পরিস্থিতি সম্পর্কে অবগত, আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব এবং কাশ্মীরকে কবরস্থানে পরিণত হতে দেবো না।

অল পার্টি হুরিয়াত কনফারেন্স এক বিবৃতিতে বলেছে, হায়দারপোরা এনকাউন্টারে নিহত নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিবারের সুবিচার পাওয়া উচিত। ধর্নায় বসে স্বামীর মরদেহ ফেরত চেয়ে আবেদন জানাচ্ছেন এক মহিলা। তাঁদের অভিযোগ, উপত্যকার অনেক মানুষ ও বিশেষ করে রাজনৈতিক কর্মীদের জেলে অথবা গৃহবন্দী করা হচ্ছে। এজন্য শুক্রবার বন্ধ করে এর প্রতিবাদ জানাতে হবে সকলকে।

পিপলস কনফারেন্সের নেতারা এনকাউন্টারের প্রতিবাদ করেন। দলের নেতা খুরশিদ আলম বলেন, ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।    

ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহাকে হায়দারপোরা এনকাউন্টারে নিহত বাড়িওয়ালা আলতাফ এবং কল সেন্টার অপারেটর মুদাসসিরের লাশ তাদের পরিবারের কাছে পেতে  সাহায্য করার আহ্বান জানিয়েছেন৷ এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়ানো যাবে। ‘এলজি’তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, ডা. ফারুক আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নরের সাথে কথা বলেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। #  

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।