জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় গেরিলা হামলায় ২ পুলিশ কর্মী নিহত
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় দু’জন পুলিশ কর্মী নিহত হয়েছেন। আজ (শুক্রবার) বান্দিপোরার গুলশান চকে মোতায়েন থাকা একটি পুলিশ দলের উপরে গুলিবর্ষণ করলে ওই পুলিশ সদস্যরা নিহত হন।
গণমাধ্যমে প্রকাশ, জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, সন্ত্রাসী হামলায় মুহাম্মাদ সুলতান ও ফায়াজ আহমেদ আহত হন। এরপর দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। কাশ্মীর জোন পুলিশ বলছে, সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি চালাতে সংশ্লিষ্ট এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা মারা যান।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় বলেন, ‘আমি উত্তর কাশ্মীরের বান্দিপুর এলাকায় পুলিশের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। এই হামলায় জম্মু-কাশ্মীর পুলিশ সদস্য মুহাম্মাদ সুলতান এবং ফায়াজ আহমেদ প্রাণ হারিয়েছেন। আল্লাহ্ তাদের জান্নাত দান করুন এবং তাদের পরিবারকে শক্তি দিন।
এর আগে ৮ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায়, নিরাপত্তা বাহিনী একটি এনকাউন্টারে তিন গেরিলাকে হত্যা করেছিল। একজন পুলিশ কর্মকর্তা বলেন, শোপিয়ানের চক-ই-চোলান গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়ার পরে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পাল্টা গুলি চালানো হয়। ওই কর্মকর্তা আরও বলেন, দিনভর উভয় পক্ষের গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ তাদেরকে আমির হোসেন, রইস আহমেদ এবং হাসিব ইউসুফ নামে শনাক্ত করেছে।#
পার্সটুডে/এমএএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।