জরিপ রিপোর্ট : পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকবে আম আদমি পার্টি
https://parstoday.ir/bn/news/india-i102334-জরিপ_রিপোর্ট_পাঞ্জাব_বিধানসভা_নির্বাচনে_এগিয়ে_থাকবে_আম_আদমি_পার্টি
ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে। আজ (সোমবার) এবিপি নিউজ-সি ভোটার জনমত জরিপ রিপোর্টে প্রকাশ, কৃষক আন্দোলনের অন্যতম উৎসস্থল পাঞ্জাবে এবার আম আদমি পার্টি এগিয়ে থাকবে। কিন্তু, অন্যদের চেয়ে বেশি আসন পেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের দল ‘আপ’।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০২২ ১৫:৩৫ Asia/Dhaka
  • জরিপ রিপোর্ট : পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকবে আম আদমি পার্টি

ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে। আজ (সোমবার) এবিপি নিউজ-সি ভোটার জনমত জরিপ রিপোর্টে প্রকাশ, কৃষক আন্দোলনের অন্যতম উৎসস্থল পাঞ্জাবে এবার আম আদমি পার্টি এগিয়ে থাকবে। কিন্তু, অন্যদের চেয়ে বেশি আসন পেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের দল ‘আপ’।

এবিপি নিউজ-সি ভোটার জরিপ অনুসারে, পাঞ্জাবের  দোয়াবা অঞ্চলের মোট ২৩ টি বিধানসভা আসনের মধ্যে, কংগ্রেস ৭ থেকে ১১টি আসন পেতে পারে। যেখানে আম আদমি পার্টির খাতায় ৭ থেকে ১১টি আসন যেতে পারে। আকালি দল পেতে পারে  ২ থেকে ৬টি আসন। অন্যদিকে, বিজেপি মাত্র একটি আসনে সীমাবদ্ধ থাকতে পারে।  

পাঞ্জাবের মাঞ্জা অঞ্চলে মোট ২৫ টি বিধানসভা আসন রয়েছে। সি ভোটার জরিপ  অনুযায়ী, এবারের নির্বাচনে মাঞ্জা অঞ্চল থেকে কংগ্রেস ১৪ থেকে ১৮ টি আসন পেতে পারে। আম আদমি পার্টি পেতে পারে ৩ থেকে ৭টি আসন, অকালি দল ২ থেকে ৬টি আসন এবং বিজেপি মাত্র ১টি আসন পেতে পারে।     

পাঞ্জাবের মালওয়া অঞ্চল আসন সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এলাকা। এখানে মোট ৬৯টি আসন রয়েছে। মালওয়া অঞ্চলে কংগ্রেস ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে। অন্যদিকে, আম আদমি পার্টি মালওয়া অঞ্চলে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে। দলটি ওই এলাকায় ৩৯ থেকে ৪৩ টি আসনে জয়ী হতে পারে। যেখানে আকালি দল ১০ থেকে ১৪টি আসন পেতে পারে এবং বিজেপি মাত্র ২টি এবং অন্যরা ১টি আসন পেতে পারে।  এবিপি নিউজ-সি ভোটার জরিপটি ১২ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে করা হয়েছিল। ১১৭ আসন সম্বলিত পাঞ্জাবে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ মার্চ। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।