জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i103280-জম্মু_কাশ্মীরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_১_গেরিলা_নিহত
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) দক্ষিণ কাশ্মীরে সোপিয়ান জেলায় নাদিগাম এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ওই গেরিলার মৃত্যু হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৫:৫৭ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) দক্ষিণ কাশ্মীরে সোপিয়ান জেলায় নাদিগাম এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ওই গেরিলার মৃত্যু হয়।

হিন্দি গণমাধ্যম ‘লোকমত নিউজ’সূত্রে প্রকাশ, সোপিয়ানের নাদিগাম এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে চলমান সংঘর্ষে এখনও দুই/তিনজন গেরিলা ওই এলাকায় লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই এলাকায় লুকিয়ে থাকা গেরিলারা স্থানীয় বলে জানা গেছে। এরা লস্কর-ই-তাইয়্যেবা সংগঠনের সঙ্গে সম্পর্কিত বলে বলা হচ্ছে। 

গত মাসেও ১২ টি সংঘর্ষে ৮ বিদেশী গেরিলাসহ ২২ গেরিলা নিহত হয়েছিল। কয়েকটি এনকাউন্টারের সময়, গেরিলাদের সঙ্গে সংঘর্ষস্থলে   তাদের স্বজনদের এনে আত্মসমর্পণের আবেদনও করা হয়েছিল। কিন্তু ওই আবেদনে কোনো প্রভাব পড়েনি। 

এদিকে, গতকাল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এক পুলিশ কর্মকর্তা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময়ে গেরিলাদের টার্গেটের শিকার হন। গতকাল (মঙ্গলবার) রাতের ওই হামলায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পরে নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।      

অন্যদিকে, আজ (বুধবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদ সদস্য নীরজ ডাঙ্গির এক লিখিত প্রশ্নের জবাবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানান, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরে ২০২২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত ৪৩৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ওই সময়ের মধ্যে ৯৮ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারায় এবং ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।