উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে আমার মুসলিম বোনেরা আশীর্বাদ করতে বের হচ্ছেন : মোদি
-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার মুসলিম বোনেরা আশীর্বাদ করতে বাসা থেকে বের হচ্ছেন। তিনি আজ (সোমবার) উত্তর প্রদেশের কানপুরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মুসলিম বোনেরা, চুপচাপ, কোনও শব্দ না করে, মোদিকে আশীর্বাদ করতে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমাদের মুসলিম নারী-বোন-কন্যারা জানেন, সুখে-দুঃখে যাকে কাজে লাগে সে-ই তার আপন হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোটের প্রবণতা এবং প্রথম দফার নির্বাচন চারটি বিষয় খুব স্পষ্ট করেছে। প্রথমত- বিজেপির সরকার, যোগিজীর সরকার পুনরায় ক্ষমতায় আসছে, এবং জোরেশোরে আসছে। দ্বিতীয়ত- প্রতিটি বর্ণের মানুষ, প্রতিটি শ্রেণির মানুষ বিভাজন ছাড়াই, গ্রাম-শহরের মানুষ বিভাজন ছাড়াই, কোনো বিভ্রান্তি ছাড়াই ঐক্যবদ্ধভাবে ভোট দিচ্ছেন উত্তর প্রদেশের দ্রুত উন্নয়নের জন্য। তৃতীয়ত- আমাদের মা, বোন ও মেয়েরা নিজেরাই বিজেপির জয়ের পতাকা তুলেছেন। এরপরেই তিনি মুসলিম মেয়েদের আশীর্বাদের কথা উল্লেখ করেন।
বিরোধীদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, উত্তর প্রদেশের জনগণ ২০১৪ সালে তাদের পরাজিত করেছিল, ২০১৭ সালে তাদের পরাজিত করেছিল এবং ২০১৯ সালে তাদের আবারও পরাজিত করেছিল এবং এবার ২০২২ সালেও ঘোর পরিবারবাদীরা পুনরায় পরাজিত হবে।
তিনি বলেন, এবার উত্তর প্রদেশে ১০ দিন আগে রঙের হোলি উদযাপন করা হবে। ১০ মার্চ যখন নির্বাচনের ফলাফল আসবে, তখন আড়ম্বরের সঙ্গে রঙের উৎসব হোলি শুরু হয়ে যাবে।
বিজেপিশাসিত উত্তর প্রদেশে মোট সাত দফায় ৪০৩টি আসনে নির্বাচন হবে। গত ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় ৫৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া তৃতীয় দফায় ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফায় ২৩ ফেব্রুয়ারি, ৫ম দফায় ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফায় ৩ মার্চ এবং ৭ম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ।#
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।