পশ্চিমবঙ্গের ছাত্র নেতা আনিস খান হত্যার ঘটনায় গ্রেফতার ২
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা সাবেক ছাত্র নেতা আনিস খানের হত্যার ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) রাজ্য পুলিশের মহাপরিচালক মনোজ মালব্য ওই তথ্য জানিয়েছেন।
গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে পুলিশের পোশাক পরে আসা চারজন আনিস খানের বাড়িতে জোর করে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলেন।
গতকাল (মঙ্গলবার) আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে হাওড়ার আমতা থানার সহকারী উপপরিদর্শক নির্মল দাস এবং কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম নামে দু’জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। একইসঙ্গে বসিয়ে দেওয়া হয় কাশীনাথ বেরা নামে একজন হোমগার্ডকে।
গত ২১ ফেব্রুয়ারি (সোমবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে বিশেষ তদন্ত টিম (সিট) গঠন করে তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে আজ (বুধবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমতায় কেবল তদন্ত শুরু হয়েছে। এখনও আমরা জানি না আসল ঘটনা কী। দ্বিতীয়বার লাশের ময়না তদন্তের জন্য ‘সিট’ গিয়েছিল। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে। তা সত্ত্বেও পুলিশের দু’জন গ্রেফতার হয়েছে। জানি না আদৌ তারা দোষী প্রমাণিত হবে কী না। কিন্তু আইন আইনের পথেই চলবে। আমি কোনও তদন্তে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেজন্য পুলিশেরও দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তারা যাতে প্রভাব সৃষ্টি করতে না পারে।’
মমতা এ প্রসঙ্গে বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের নামে রাজনীতি করার অভিযোগে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমি আন্দোলন করে বড় হয়েছি, সেজন্য আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায়।
আনিস খান মৃত্যুর ঘটনায় যারা কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত চাচ্ছেন, মমতা আজ তাদের সমালোচনা করেন। তিনি এ ব্যাপারে ‘সিবিআই’ পশ্চিমবঙ্গের বেশ কিছু ঘটনার কিনারা করতে পারেনি বলে মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।