আইপিএলের স্বপ্নের ফাইনালে হায়দ্রাবাদ, মুস্তাফিজের ইনজুরি গুরুতর নয়
https://parstoday.ir/bn/news/india-i10543-আইপিএলের_স্বপ্নের_ফাইনালে_হায়দ্রাবাদ_মুস্তাফিজের_ইনজুরি_গুরুতর_নয়
ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত ব্যাটিংয়ের সুবাদে গুজরাট লায়ন্সকে চার উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী ২৯ মে (রোববার) আইপিএলের নবম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দ্রাবাদ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৭, ২০১৬ ২১:২৬ Asia/Dhaka
  • হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার,  পেছনে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না
    হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, পেছনে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না

ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত ব্যাটিংয়ের সুবাদে গুজরাট লায়ন্সকে চার উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী ২৯ মে (রোববার) আইপিএলের নবম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দ্রাবাদ।

শুক্রবার রাতে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় সুরেশ রায়নার গুজরাট। জবাবে, ডেভিড ওয়ার্নারের ৯৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ।

হায়দ্রাবাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনার শিখর ধাওয়ান রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরে যান। টিকতে পারেননি তিন নম্বরে নামা মোজেস হেনরিকেসও। ১১ রান করে স্মিথের শিকার হন তিনি। দলীয় ৬১ রানে যুবরাজ সিং, ৭৫ রানে দিপক হুদা এবং ৮৪ রানে কাটিং আউট হলে ব্যাকফুটেই চলে যায় সানরাইজার্স। তবে অপর প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক ওপেনার ডেভিড ওয়ার্নার।

দলীয় ১১৭ রানে নামান ওঝা আউট হলে ম্যাচের পাল্লা দুলতে থাকে। পরবর্তীতে ওয়ার্নারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন বিপুল শর্মা। তিনি মাত্র ১১ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিতে কার্যকরী ভূমিকা রাখেন। তার চাপের মুখে থেকেও ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ার্নার। দলকে জেতাতে প্রধান ভূমিকা পালন করায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার।

গুজরাটের হয়ে ব্রাভো ও কৌশিক দুটি করে উইকেট শিকার করেন। দুই ওভারে ২৯ রান খরচায় বাকি উইকেটটি পান ডোয়াইন স্মিথ।

এর আগে প্রথমে ব্যাট করে গুজরাটের হয়ে সর্বোচ্চ ৫০ রানের (৩২ বল) কার্যকরী ইনিংস খেলেন মিডল অর্ডারে নামা অ্যারন ফিঞ্চ। ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩২। ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে বিদায় নেন ডোয়াইন ব্রাভো। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।

সানরাইজার্স বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ও বেন কাটিং দু’টি করে উইকেট লাভ করেন। মুস্তাফিজুর রহমানের জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো একাদশে সুযোগ পান ট্রেন্ট বোল্ট। তিন স্পেলে চার ওভারে ৩৯ রানের বিনিময়ে গুজরাট দলপতি রায়নার (১) উইকেট নেন নিউজিল্যান্ড পেসার। পাশাপাশি ওপেনার একলাভইয়া দ্বিবেদীর (৫) ক্যাচ ও দিনেশ কার্তিককে (২৬) রান আউটের ফাঁদে ফেলেন বোল্ট। এছাড়া, বাঁহাতি স্পিনার বিপুল নেন একটি উইকেট।

ডেভিড ওয়ার্নারকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ খেলোয়াড়রা
মুস্তাফিজকে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন ওয়ার্নার

ফাইনালের টিকিট হাতে পাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানালেন এই ম্যাচে জয় পাওয়া সহজ ছিল না আর সেই সাথে মুস্তাফিজকে না পেয়ে বোলিং নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।

ওয়ার্নার তার প্রতিক্রিয়ায় বলেন, “অসাধারণ এক জয়ে, আমাদের এই যাত্রা এখন পর্যন্ত ভালোই ছিল; এবার শেষ যাত্রায়ও আমরা ভালো কিছু করার চেষ্টা করব। আমি জানতাম আমি যদি শেষ পর্যন্ত থাকি তবে এই রান আমরা তাড়া করতে পারব। আমি বিপুল শর্মাকে সাধুবাদ জানাতে চাই, সে আজকে চমৎকার খেলেছে। বোলিংয়ও দারুণ করেছে, ম্যাচ জয়ে তার অপরিসীম ভূমিকা ছিল। সে একজন স্পিনারের জায়গাও পূরণ করেছে। দলগত প্রচেষ্টায় আমরা ম্যাচটি জিতেছি। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি।”

তিনি আরও বলেন, “আমি বোলিং নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। কেননা আজকে আমরা মুস্তাফিজকে পাইনি, তাকে ডেথ ওভারে না পাওয়ায় আমরা একটু বেশী রান দিয়ে ফেলেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে আমরা ছোট মাঝারি পার্টনারশিপ গড়েছি বলেই জয়ের প্রান্তে যেতে পেরেছি। আমি আমাদের খেলোয়াড়দের নিয়ে চিন্তা করতে চাই না, আমি জানি তারা তাদের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করবে। ফাইনালে আমরা আমাদের সেরা খেলাটাই দেব।”

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজের ইনজুরি গুরুতর নয়

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফাইনাল নিশ্চিতের ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। অবশ্য হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার আশাবাদী, মুস্তাফিজ দ্রুতই সেরে উঠবেন। টসের সময় ধারাভাষ্যকারদের মুস্তাফিজের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দলে নেই মুস্তাফিজ। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে সে। তার বদলে একাদশে জায়গা পেয়েছে ট্রেন্ট বোল্ট।’

বাংলাদেশি পেসার মুস্তাফিজ টুর্নামেন্টের শুরু থেকেই আলো ছড়িয়ে আসছেন। আইপিএলের ১৫টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৬টি উইকেট। তবে এই পরিসংখ্যান না, মুস্তাফিজ সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছেন বিস্ময়কর ইকোনমি রেট দিয়ে। টি-টোয়েন্টির মারমুখী ব্যাটিংয়ের যুগে আইপিএলে তিনি ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৬.৭৩ রান। মূলত এ কারণেই হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মূল ভরসা মুস্তাফিজ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮