কৃষকরা পানির জন্য আত্মহত্যা করলেও মোদি সরকার নাচ-গানে মশগুল: রাহুল
-
বক্তব্য রাখছেন রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বিজেপি সরকারের দুই বছর পূর্তিতে উৎসব পালনের সমালোচনা করে বলেছেন, ‘মহারাষ্ট্রে কৃষকরা যখন পানির অভাবে আত্মহত্যা করছে তখন মোদি সরকার বলিউড তারকাদের নিয়ে নাচ-গান করে উৎসব পালনে মশগুল।’
শনিবার রাতে এক কর্মসূচিতে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘দুই বছর পার হয়ে গেছে। গোটা দেশ খরার মধ্যে রয়েছে। মহারাষ্ট্রের বিদর্ভ এবং মারাঠাওয়াড়াতে খরা পীড়িত কৃষকরা আত্মহত্যা করছেন। ঋণের দায়ে তারা জর্জরিত। অথচ ইন্ডিয়া গেটে বিজেপি তাদের সরকারের দু’বছর পূর্তিতে বলিউড তারকাদের নিয়ে উৎসব করছে!’ ‘সেল্ফি-রাজনীতি কৃষকদের সমস্যার সমাধান করবে না’ বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।
দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারেরও সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী স্রেফ জোড়-বিজোড়, দূষণ ইত্যাদি ইস্যু নিয়ে বলেন, কিন্ত কাজ কিছুই করছেন না। ‘আপ’ নেতা দরিদ্রদের কষ্টে অসংবেদনশীল।’
রাহুল বলেন, ‘মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি আমি করি না। নিরবিচ্ছিন্ন পানি এবং বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে কেজরিওয়াল ক্ষমতায় এসেছিলেন। অথচ তিনি কথা রাখেননি। এটাই কি প্রকৃত রাজনীতিকের আচরণ?’
গত রাত ৮টা নাগাদ দিল্লিতে পানি সংকট এবং বিদ্যুত ঘাটতির প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। রাজঘাট থেকে দিল্লি সচিবালয় পর্যন্ত ওই মিছিলে প্রায় এক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯