কাশ্মির ইস্যু
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি গৃহবন্দী
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে শ্রীনগরে গৃহবন্দী করা হয়েছে। বলা হচ্ছে, সোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় আহত কাশ্মীরি পণ্ডিতের বাসায় তার খোঁজখবর নিতে যাওয়ার কথা ছিল। এর আগেই পুলিশ তাকে শ্রীনগরে গৃহবন্দী করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে মেহবুবা মুফতি এক বার্তায় বলেন, ‘আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে, কারণ আমি সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে কাশ্মীরি হিন্দুদের প্রস্থানের জন্য মূলধারার কাশ্মীরি এবং কাশ্মীরি মুসলিমদের দায়ী করার জন্য একটি প্রচারণা চালাচ্ছে এবং এই ভুয়ো বিভাজনমূলক আখ্যান উন্মোচিত হোক তা চায় না।’
প্রসঙ্গত, মেহবুবা মুফতি, কাশ্মীরি পণ্ডিত বাল কৃষ্ণ ওরফে সোনুর পরিবারের সাথে দেখা করতে সোপিয়ানে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি অজ্ঞাত গেরিলা হামলায় আহত হয়েছেন। গত ৪ এপ্রিল রাত পৌনে ৮টা নাগাদ বাল কৃষ্ণ যখন সোপিয়ানের চটিগাম হারমেন এলাকায় বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন তখন অজ্ঞাত গেরিলারা গুলিবর্ষণ করে। তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারা ভেবেছিল এত গুলি লেগে বাল কৃষ্ণ নিশ্চয়ই মারা গেছেন, কিন্তু তিনি তখনও শ্বাস নিচ্ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়েছেন এবং এখন তার অবস্থা ভালো বলে জানা গেছে। তার পা ও বাহুতে গুলি লেগেছে।
চটিগাম হারমেনে কাশ্মীরি পণ্ডিতদের তিনটি পরিবার বাস করে। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আজ (মঙ্গলবার) বাল কৃষ্ণের সুস্থতা কামনা করতে সোপিয়ানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগেই তাকে গৃহবন্দী করা হয়।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।