উত্তর প্রদেশের ডাম্পারে পিষ্ট হয়ে ৬ শিবভক্ত নিহত, আহত ১
https://parstoday.ir/bn/news/india-i110928-উত্তর_প্রদেশের_ডাম্পারে_পিষ্ট_হয়ে_৬_শিবভক্ত_নিহত_আহত_১
ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি অনিয়ন্ত্রিত ডাম্পার কাঁওয়াড় তীর্থযাত্রীদের পিষ্ট করায় ৬ জন শিবভক্ত নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০২২ ১৪:০৮ Asia/Dhaka
  • উত্তর প্রদেশের ডাম্পারে পিষ্ট হয়ে ৬ শিবভক্ত নিহত, আহত ১

ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি অনিয়ন্ত্রিত ডাম্পার কাঁওয়াড় তীর্থযাত্রীদের পিষ্ট করায় ৬ জন শিবভক্ত নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আজ (শনিবার) ওই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আগ্রায় স্থানান্তর করা হয়েছে। কাঁওয়াড় তীর্থযাত্রীদের একটি দল হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে মধ্য প্রদেশের গোয়ালিয়রে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে হাথরস জেলার সাদাবাদ থানার অন্তর্গত হাথরস-আগ্রা সড়কের বাধার মোড়ে। যেখানে রাত আড়াইটার দিকে একটি অনিয়ন্ত্রিত দ্রুতগামী ডাম্পার একদল কাঁওয়াড় তীর্থযাত্রীকে পিষ্ট করে। ওই দুর্ঘটনায় ৫ শিবভক্ত ঘটনাস্থলেই মারা যায় এবং দু’জন গুরুতর আহত হয়। তাদের নিকটবর্তী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসার পর আগ্রা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে আরও একজনের মৃত্যু হয়।   

আগ্রা জোনের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক রাজীব কৃষ্ণ বলেন, দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকারী ট্রাক ও চালকের খোঁজে তল্লাশি চলছে। শিগগিরই তাকে ধরা হবে। অন্যদিকে, নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার। সাদাবাদ (হাথরস) ডেপুটি কালেক্টরের কার্যালয় ওই তথ্য জানিয়েছেন।    

১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাসে কাঁওয়াড় যাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর প্রদেশের সমস্ত গঙ্গার ঘাট থেকে কাঁওয়াড়িরা গঙ্গা নদী থেকে গঙ্গার পানি নিয়ে তাদের নিজ নিজ এলাকার শিবালয়ে যান। ইতোমধ্যেই দেশজুড়ে শিবভক্তরা গেরুয়া কাপড় পরে প্রস্তুত হয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া পর্বে শিবের মাথায় অনেকেই পানি ঢেলেছেন। রাজ্যের একাধিক শিবধাম থেকে শুরু করে ভিনরাজ্যেও চলছে কাঁওয়াড় যাত্রা।        

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও অন্যরা দুর্ঘটনায় হতাহত তীর্থযাত্রীদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।