১১ জন ‘পিএফআই’ কর্মীকে ৭ দিনের জন্য ‘এনআইএ’ হেফাজতের নির্দেশ
https://parstoday.ir/bn/news/india-i113678-১১_জন_পিএফআই’_কর্মীকে_৭_দিনের_জন্য_এনআইএ’_হেফাজতের_নির্দেশ
ভারতের কেরালার কোচির ‘এনআইএ’ আদালত ১১ জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা ‘পিএফআই’ কর্মীকে ৭ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ হেফাজতে পাঠিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৭:২৫ Asia/Dhaka
  • ১১ জন ‘পিএফআই’ কর্মীকে ৭ দিনের জন্য ‘এনআইএ’ হেফাজতের নির্দেশ

ভারতের কেরালার কোচির ‘এনআইএ’ আদালত ১১ জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা ‘পিএফআই’ কর্মীকে ৭ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ হেফাজতে পাঠিয়েছে।

গত (বৃহস্পতিবার)  দেশব্যাপী ‘এনআইএ’ তল্লাশি অভিযানের সময় ওই পিএফআই কর্মীদের গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের এবার আগামী ৩০ সেপ্টেম্বর আদালতে পেশ করা হবে। ‘এনআইএ’ দেশে সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেওয়ার অভিযোগে পিএফআই সংগঠনের দফতর এবং তার নেতাদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল। 

শুক্রবার আদালতে তদন্তকারী এজেন্সির দায়ের করা রিমান্ড রিপোর্ট অনুসারে, কেরালার পিএফআই-এর কর্মকর্তা, সদস্য এবং সহযোগীরা যুবকদের লস্কর-ই-তাইয়্যেবা, আল-কায়েদা, ইসলামিক স্টেট অফ ইরাক এবং সিরিয়াসহ সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে উত্সাহিত করেছিল। সহিংস জিহাদের অংশ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল।

রিপোর্টে আরও বলা হয়েছে, তারা অপরাধমূলক শক্তির ব্যবহারকে ন্যায্যতা দেওয়ার জন্য এবং বিকল্প বিচার ব্যবস্থার প্রচারণার ষড়যন্ত্র করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। তারা বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর সদস্যদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, সম্প্রীতির জন্য ক্ষতিকর, জনশান্তি বিঘ্নিত করে এবং একটি নির্দিষ্ট অংশের জন্য সরকারি নীতির অপব্যাখ্যা করে ভারতের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টির অভিপ্রায়ে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ষড়যন্ত্র করেছে। তদন্তকারী সংস্থাটি বলেছে আরও প্রমাণ পেতে এবং সমাজে চলমান সহিংসতা বন্ধ করতে আরও তদন্ত প্রয়োজন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।