আদালতে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা
-
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা
ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আদালতে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে এর আগে গ্রেফতারি পরওয়ানা জারি হয়েছিল।
গ্রেফতারি পরোয়ানা জারির পর পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের এমপি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আজ (শনিবার) তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করলে তিনি ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন।
তুফানগঞ্জ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, জন বার্লা আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেননি। তার পরবর্তী হাজিরা ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি। নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে গত ১৫ নভেম্বর জন বার্লার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।
আজ আদালত থেকে বের হওয়ার পর জন বার্লাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় কর্মীরা। এসময়ে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও দলের জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু।
আজ আদালত থেকে বেরিয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যখন ছাপ্পা ভোট হয়, সেটা দোষের নয়। সামান্য বাইক মিছিল করাটা দোষের। সেদিন আমি ফিরছিলাম, এমন সময় কিছু বাইক আমার সঙ্গে আসে। আমি আইনকে শ্রদ্ধা করি। আমি কোনও সমন পাইনি। কাল সামাজিক মাধ্যমে বিষয়টি শুনে আজ আদালতে এসেছি। আগামীদিনে আমি লড়াই করে যাব।’
২০১৯ সালের নির্বাচনের সময়ে অনুমতি না নিয়ে মোটরবাইক মিছিলের অভিযোগে মামলা হয়। আদালতের নির্দেশে বক্সিরহাট থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় ১৫ নভেম্বর সমন পাঠানো হলেও হাজিরা দেননি মন্ত্রী। এরপরেই জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। অবশেষে আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জামিন পেয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।