'অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও এআইইউডিএফকে এক সঙ্গে কাজ করতে হবে'
https://parstoday.ir/bn/news/india-i120062-'অসমে_মুসলিমদের_স্বার্থ_রক্ষায়_কংগ্রেস_ও_এআইইউডিএফকে_এক_সঙ্গে_কাজ_করতে_হবে'
ভারতে বিজেপিশাসিত অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও এআইইউডিএফের মধ্যে মিত্রতার উপর জোর দিয়েছেন কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৫:৪৬ Asia/Dhaka
  • 'অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও এআইইউডিএফকে এক সঙ্গে কাজ করতে হবে'

ভারতে বিজেপিশাসিত অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও এআইইউডিএফের মধ্যে মিত্রতার উপর জোর দিয়েছেন কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল।  

তিনি বলেন, ‘বর্তমান সময়ে রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলমানদের।  এআইইউডিএফ দলটি মুসলিমদের সুরক্ষায় গুরুত্ব দেয়। সেজন্য মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করার জন্য দল দুটি ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।’ 

আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও এআইইউডিএফ-এর মধ্যে মিত্রতা হবে কী না, তা নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জোরালো জল্পনার মধ্যে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের ওই মন্তব্য প্রকাশ্যে এল। তার বিধায়ক হোস্টেলের কোয়ার্টারে আলোচনায় বসেন এআইইউডিএফের সাধারণ সম্পাদক ও বিধায়ক আমিনুল ইসলাম এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাও।

গতকাল (বৃহস্পতিবার) ওই আলোচনাকে অনানুষ্ঠানিক বলে বিধায়ক আমিনুল ইসলাম এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া দাবি করলেও কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল বলেন, আমাদের মধ্যে অনেক মিল আছে। উভয় দলের অনেক কমন বিষয় আছে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আলাদা আলাদাভাবে লড়াই করলে আমরা দুর্বল হবো। আমরা জয়ী হতে পারবো না। ভাগ ভাগ হয়ে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করলে যুদ্ধ শক্তিশালী হবে না’ বলেও মন্তব্য করেন কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল। বিধায়ক আমিনুল ইসলাম অবশ্য বলেছেন, আব্দুর রশিদ মণ্ডলের ঘরে চা খেতে গিয়েছিলাম। মিত্রতা নিয়ে আনুষ্ঠানিক কোনও আলোচনা হয়নি।         

অন্যদিকে, অসমে কংগ্রেস ও এআইইউডিএফ-এর মধ্যে মিত্রতা হয়ে গেছে বলে দাবি  করেছেন বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। তিনি বলেন, কোন দল কোথায় প্রার্থী দেবে তাও চূড়ান্ত হয়ে গেছে। রাজ্যে কংগ্রেস ও এআইইউডিএফ-এর মধ্যে মিত্রতার তীব্র বিরোধিতা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এমতাবস্থায় কংগ্রেস দলের বিধায়কের সঙ্গে এআইইউডিএফ বিধায়কের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।#    

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।