বিজেপি কোনও দল নয়, আরএসএসের মুখোশ: লালু প্রসাদ যাদব
-
লালু প্রসাদ যাদব
ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন, বিজেপি কোনও দল নয়, আরএসএসের মুখোশ। আরএসএসের গুরু গোলওয়ালকারের দল হল বিজেপি।
আজ (শনিবার) বিহারের পূর্ণিয়ায় ৭ দলীয় মহাজোটের সমাবেশ হয়েছে। সেই সভায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে ওই মন্তব্য করেন। তিনি বলেন, এই ঐক্য প্রমাণ করবে আগামীতে যে লোকসভা নির্বাচন হবে তাতে শক্তিশালী মহাজোট তৈরি আছে বিজেপি-আরএসএসকে নির্মূল করতে।’
‘আরজেডি’ প্রধান লালুপ্রসাদ যাদব বলেন, আমাদের দেশ ও সংবিধানকে বাঁচাতে হবে। লালু প্রসাদ যাদব তার বক্তব্যে বলেন, ‘বিজেপির মানসিকতা বিপজ্জনক! দেশে স্বৈরাচারী সরকারের কারণে দারিদ্র্য ও অসহায়ত্ব চরমে পৌঁছেছে। ‘আরএসএস’ যা চাচ্ছে, তাই করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্রকে খুন করা হচ্ছে, কারো সম্মান অবশিষ্ট নেই!’
‘বিজেপি এবং আরএসএস কঠোরভাবে সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে) বিরোধী। সকলেই ঐক্যবদ্ধ থাকুন। আমরা একসাথে থাকলে ওরা কিছুই করতে পারবে না। দেশ থেকে নরেন্দ্র মোদী সরকারের বিদায়ের সময় এসে গেছে’ বলেও মন্তব্য করেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ প্রধান লালু প্রসাদ যাদব।
মহাজোটের ওই সভায় আজ আরজেডি বিধায়ক ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ঐক্যই আমাদের পরিচয়।
লালু প্রসাদজী আজ পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির কাছে মাথানত করেননি। বিজেপি দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তারা ঘৃণার রাজনীতি করতে চায়। মহাজোট ২০২৪ সালে এ ধরনের লোকদের ক্ষমতা থেকে উৎখাত করবে। বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। সবাই ঐক্যবদ্ধ হলে ২০২৪ সালে পরিবর্তন আসবে’ বলেও মন্তব্য করেন আরজেডি বিধায়ক ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।