স্বাধীনতা সংগ্রামে যারা এক বিন্দুও অবদান রাখেনি তারাই প্রকৃত 'দেশবিরোধী': মল্লিকার্জুন খাড়গে
https://parstoday.ir/bn/news/india-i120810-স্বাধীনতা_সংগ্রামে_যারা_এক_বিন্দুও_অবদান_রাখেনি_তারাই_প্রকৃত_'দেশবিরোধী'_মল্লিকার্জুন_খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে বলেছেন, স্বাধীনতা সংগ্রামে যারা এক বিন্দুও অবদান রাখেনি তারাই প্রকৃত 'দেশবিরোধী' এবং রাহুল গান্ধী, যিনি গণতন্ত্রের কথা বলেন, তিনি সত্যিকারের দেশপ্রেমিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২৩ ১৫:৩১ Asia/Dhaka
  • মল্লিকার্জুন খাড়গে
    মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে বলেছেন, স্বাধীনতা সংগ্রামে যারা এক বিন্দুও অবদান রাখেনি তারাই প্রকৃত 'দেশবিরোধী' এবং রাহুল গান্ধী, যিনি গণতন্ত্রের কথা বলেন, তিনি সত্যিকারের দেশপ্রেমিক।

তিনি আজ (শুক্রবার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সমালোচনার প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি এক বার্তায় বলেন, যারা স্বাধীনতা সংগ্রামে এক বিন্দুও অবদান রাখেনি তারাই প্রকৃত দেশবিরোধী। উদ্বেগজনক বেকারত্ব, কোমর ভাঙা মুদ্রাস্ফীতিকে আড়াল করতে এবং পরম মিত্রের দুর্নীতি থেকে মনোযোগ সরাতে বিজেপির লোকেরা এ সব করছে।   

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ মোদিজি নিজে ৬/৭টি দেশে গিয়ে বিদেশের মাটিতে বলেছেন, ভারতের জনগণ বলছে আমরা কী পাপ করেছি যে আমরা ভারতে জন্মেছি। তিনি বলেন, এমন ব্যক্তি আমাদের দেশবিরোধী বলছেন?

কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত কারণ তিনি বিদেশে গিয়ে দেশকে অপমান করেছেন। মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘জেপি নাড্ডা যা বলেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। তাদের জানা উচিত যে প্রধানমন্ত্রী মোদী চীনে, আমেরিকায়, দক্ষিণ  কোরিয়ায় গিয়ে ভারতের নাগরিকদের অপমান করেছেন। প্রধানমন্ত্রীজির এজন্য  ক্ষমা চাওয়া উচিত। আমাদের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’ বিজেপি সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করে আজ বলেন, এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস দল দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। দেশবাসী তাদের বারবার প্রত্যাখ্যান করার পর রাহুল গান্ধী এখন দেশবিরোধী টুলকিটের স্থায়ী অংশ হয়ে উঠেছেন।   

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সম্প্রতি ব্রিটেনে ভারতকে অপমান করেছেন এবং দেশ বিরোধী মন্তব্য করেছেন বলে বিজেপি নেতাদের অভিযোগ। এজন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। কিন্তু কংগ্রেসের নেতারা বলেছেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ, তিনি দেশবিরোধী কোনও মন্তব্য করেননি।

সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ওই ইস্যুতে  বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, কেন বিজেপি দলের সদস্যরা এখানে-সেখানে কথা বলছেন, সংসদে আলোচনা করতে ভয় পাচ্ছেন কেন? রাহুল গান্ধীকে ভয় পায় বিজেপি। প্রধানমন্ত্রী মোদির ৫৬ ইঞ্চি বুক এখন সঙ্কুচিত হয়েছে বলেও কটাক্ষ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি।

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ//১৭      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।