অভিষেকের গ্রেফতার শুধু সময়ের অপেক্ষা- সুকান্ত: পাল্টা জবাব কুণাল-শান্তনুর
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমপি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেছেন।
তিনি আজ (রোববার) সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকে এসে এমন দাবি করায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা শান্তনু সেন এমপি এ প্রসঙ্গে বলেন, ‘অভিষেককে নিয়ে সুকান্তর কথা বলা মানে তা বামনের চাঁদ ধরার চেষ্টার মত। তাই সুকান্তর কিছু না বলাই ভালো।’
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘যাঁরা সিবিআইয়ের খাতায় নাম ওঠা শুভেন্দুকে (শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা) নিয়ে ঘুরে বেড়ান, তাদের মুখে এ সব কথা মানায় না।’ তিনি বলেন, ‘শুভেন্দুকে চোর বলেছিল সুকান্তের দল। ভিডিও দেখিয়েছিল। আর কেন্দ্রীয় এজেন্সি কী জমিদারবাড়ির লেঠেল, যে ওরা এখান থেকে বলে দিচ্ছেন, একে ধরবে, ওকে ধরবে। এখান থেকেই তো ওদের (বিজেপির) চক্রান্তটা পরিষ্কার হয়ে যাচ্ছে।’
প্রসঙ্গত, আজ (রোববার) সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকের পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘উনি বিজেপিকে নকল করার চেষ্টা করছেন। বিজেপির মতো সাংগঠনিক পরিকাঠামো তৈরির চেষ্টা করছেন।’
সুকান্ত মজুমদার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে বলেন, ‘তাঁবু খাটিয়ে রাত্রিবেলা উনি কাদের সঙ্গে মিটিং করছেন, আমরা সব জানি। কিন্তু ওই ভাবে উনি বাঁচতে পারবেন না। যদি ভেবে থাকেন উনি গ্রেফতার হবেন এবং লোকেরা রাস্তায় নামবে, তুলকালাম হবে, তা হলে সেটা হচ্ছে না।’
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, ‘আমাদের সাধারণ বোধবুদ্ধিতে যা বলে, ওঁর গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে মিডিয়া বলছে, ওর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গেছে, উনি অ্যারেস্ট হবেন।’ তার এ ধরণের মন্তব্যের পাল্টা জবাবে বিজেপির সমালোচনায় সোচ্চার হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও শান্তনু সেন এমপি।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৪