আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না : অধীর চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i124354-আগামী_লোকসভা_নির্বাচনে_মুর্শিদাবাদে_তৃণমূল_বলে_কাউকে_রাখব_না_অধীর_চৌধুরী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, আমরা আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০২৩ ১৫:১০ Asia/Dhaka
  • আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না : অধীর  চৌধুরী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, আমরা আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না।

তিনি আজ (সোমবার) মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ওই মন্তব্য করেন। আজ তৃণমূল ও বিজেপি ছেড়ে কিছু নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর অধীর বাবু রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন এবং জেলায় তৃণমূলকে নির্মূল করার চ্যালেঞ্জ জানান।   

কংগ্রেস নেতা অধীর বাবু বলেছেন, ‘মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান চলছেই। আজ (সোমবার) বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে এসে বেলডাঙা, কান্দি এবং বড়ঞা থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। গতকালের মিটিংয়েও বলেছিলাম, আজও আবার  বলছি, পুলিশ-প্রশাসন যদি মনে করে মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে অর্থাৎ,  ভোট যদি সঠিক ভাবে হয় তাহলে এই মুর্শিদাবাদ জেলায় আগামী পঞ্চায়েত নির্বাচনেই তৃণমূল ধূলিসাৎ হয়ে যাবে।

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী আজ এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘মুর্শিদাবাদ জেলা আগামীদিনে কংগ্রেসের জেলায় রূপান্তরিত হতে চলেছে। কংগ্রেসের জেলা বলতে এটাই বোঝাতে চাচ্ছি যে, সেখানে কংগ্রেসের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা, দয়া, দোয়া প্রধান শক্তি হিসেবে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সেজন্যই গতকাল আমি রানিনগরে বলে গেছিলাম, ২০২৪ সালে যে লোকসভা নির্বাচন হবে, মুর্শিদাবাদে তিনটি আসন। তাই বলে এসেছি, ‘মুর্শিদাবাদে তিনে তিন, তৃণমূলকে কবর দিন’। আমরা আগামী লোকসভা নির্বাচনে  মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না। তার আগে এবারের পঞ্চায়েত নির্বাচনে যদি নির্বাচন করানো সম্ভব হয়, পুলিশ যদি সরাসরি তৃণমূল দলের হয়ে না নেমে পড়ে, রাস্তা-ঘাটে, বুথে। আবার বলছি, পুলিশ যদি সরাসরি তৃণমূলের হয়ে দালালি না করে, পুলিশ-প্রশাসন যদি মনে করে মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা তাদের দায়িত্ব, অর্থাৎ, যদি ভোট হয়, এই মুর্শিদাবাদ জেলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ধুলিস্যাৎ হবে’ বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি।           

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১২ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।