বিধায়কের বিরুদ্ধে হত্যা মামলা রুজু, ‘ভয় পাই না, প্রতিহিংসার রাজনীতি’ বললেন নওশাদ
পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকিসহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
আজ (বুধবার) পুলিশ সূত্রে খবর, কাশীপুর থানায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিসহ ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভাঙড়-২ নম্বর ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক। গত ১৫ জুন রাজু নস্কর নামে এক তৃণমূল কর্মীর ওপর হামলা হয়। হামলার এক পর্যায়ে রাজু মারা যান। এ ঘটনায় নওশাদ সিদ্দিকির চক্রান্ত এবং প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন ঋত্বিক।
অভিযোগপত্রে ঋত্বিক জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য হাটগাছার কয়েকজন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তার শ্বশুর রাজু নস্কর ভাঙড়- ২ নম্বর ব্লকের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাদের দু’জনকে ফেলে বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে পেটাতে থাকে তারা। তাদের কাছে বোমা-বন্দুকও ছিল। দুর্বৃত্তরা ইট দিয়ে থেঁতলে এবং টাঙ্গি দিয়ে কুপিয়ে তার শ্বশুর রাজু নস্করকে খুন করে। এমনকী, মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলিও করে। কোনওক্রমে পালিয়ে রক্ষা পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে আজ ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। যেনতেন প্রকারে আমাকে আটকাতে হবে। আমি যেভাবে চলছি, সেটা হয়ত শাসকের পছন্দ হচ্ছে না, সেজন্য সুকৌশলে আমাকে গতিরুদ্ধ করার জন্য আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে আমি এগুলোকে ভয় পাই না। মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি। মারামারি, হানাহানি আমি পছন্দ করি না। আমি এগুলো প্রশ্রয়ও দিইনা। আমার নামে মিথ্যা অভিযোগ আনলেও আদালত আছে, আমার আইনজীবীরা আছেন তারা আমাকে যে পরামর্শ দেবেন, সেভাবে আইনি প্রক্রিয়ায় এর বিরুদ্ধে লড়াই করব। তবে মানুষের স্বার্থে, সমাজ পরিবর্তনের স্বার্থে যে লড়াইয়ে আছি, সেই লড়াই থেকে আমি এক পাও পিছিয়ে যাবো না বলেও মন্তব্য করেন ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি।
পার্সটুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।