অসমে ১০ জেলায় বন্যা পরিস্থিতিতে ১,২০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত
https://parstoday.ir/bn/news/india-i124710-অসমে_১০_জেলায়_বন্যা_পরিস্থিতিতে_১_২০_০০০_মানুষ_ক্ষতিগ্রস্ত
ভারতের অসমে ১০টি জেলায় বন্যা পরিস্থিতিতে কমপক্ষে ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০২৩ ১৪:৩৪ Asia/Dhaka
  • অসমে ১০ জেলায় বন্যা পরিস্থিতিতে ১,২০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত

ভারতের অসমে ১০টি জেলায় বন্যা পরিস্থিতিতে কমপক্ষে ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।  প্রবল পানির তোড়ে বেশ কয়েকটি বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। বেকি, পাগলাদিয়া, পুঠিমারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।

গতকাল (বুধবার) পর্যন্ত অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বন্যা প্রতিবেদনে প্রকাশ, বাকসা, বরপেটা, দারাং, ধেমাজি, ধুবড়ি, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ি, সোনিতপুর এবং উদালগিরি জেলায় বন্যার কারণে ১ লাখ, ১৯ হাজার ৮০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। নলবাড়িতে বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ হাজার মানুষ। এখানে ১০৮টি গ্রাম পুরোপুরি পানির তলায় রয়েছে। এ ছাড়া বাকসায় ২৬ হাজার ৫০০ ও লখিমপুরে ২৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নলবাড়িতে ৪৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে কিছু মানুষকে ত্রাণশিবিরে রাখা হয়েছে। বেশির ভাগ মানুষই সর্বস্ব হারিয়ে রাস্তার উঁচু অংশে আশ্রয় নিয়েছেন।

প্রশাসন পাঁচটি জেলায় ১৪টি ত্রাণ শিবির চালাচ্ছে যেখানে ২০৯১ জন লোক আশ্রয় নিয়েছে এবং পাঁচটি জেলায় ১৭টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালাচ্ছে। সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল ও জরুরি পরিসেবা, বেসামরিক প্রশাসন, এনজিও এবং স্থানীয় জনগণ বিভিন্ন স্থান থেকে প্রায় ১৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে প্রকাশ, বর্তমানে ৭৮০টি গ্রাম পানির নিচে রয়েছে এবং ১০,৫৯১.৮১ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামের নলবাড়ির মইরারাঙ্গা গ্রামে অবিরাম বর্ষণে ঘরবাড়ি ভেসে গেছে। আজ (বৃহস্পতিবার) ৭০ বছর বয়সী জ্যোতিষ রাজবংশী তার দুঃখের কথা সাংবাদিকদের জানান। তিনি কেঁদে কেঁদে বলেন, বন্যার কারণে তিনি সব হারিয়েছেন। ঘরের সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ভেসে যাওয়ায় কিছু জিনিসপত্রও বের করতে পারিনি বলেও জানান তিনি। #

পার্সটুডে/এমএইএইচ/এমআরএইচ/২২