পশ্চিমবঙ্গের বাসন্তীতে তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশি তদন্ত শুরু
পশ্চিমবঙ্গের বাসন্তীতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জিয়ারুল মোল্লা নামে এক তৃণমূল কর্মী।
গতকাল (শনিবার) দিবাগত রাতে তাকে ঘিরে ধরে দুর্বৃত্তরা মাথায় গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। ওই হত্যার পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলছে নিহতের পরিবার। নিহত জিয়ারুল মোল্লার ছেলে মীজানুর মোল্লার দাবি, এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আবহে বিভিন্ন সহিংস ঘটনায় গত ২৩ দিনে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার রাত ৯ টা নাগাদ ক্যানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল মোল্লা। এ সময়ে বাসন্তীর ফুলমালঞ্চের চাতরাখালি এলাকায় জিয়ারুলকে ঘিরে ধরে কয়েকজন। তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। রাস্তায় লুটিয়ে পড়েন জিয়ারুল। স্থানীয় বাসিন্দাদের একাংশের সূত্রে প্রকাশ, গুলির আওয়াজ পেয়েছিলেন তারা। কিন্তু অন্ধকারে তারা কিছু দেখতে পাননি। পরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় জিয়ারুল মোল্লাকে। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, জিয়ারুল মোল্লা আমাদের সক্রিয় কর্মী। আমি খবর পেয়েছি, দু’টি মোটর সাইকেলে চার জন এসে তাকে মাথায় একটা ও পেটে একটা গুলি করেছে। কে বা কারা এটা করেছে আমরা এখনও তার খোঁজ পাইনি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, এর পিছনে যে বা যারা আছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে দ্রুততার সঙ্গে তাদের গ্রেফতার করতে হবে। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, আমরা লক্ষ্য করছি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের টার্গেট করা হচ্ছে। তাদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।