অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য : ভারত
https://parstoday.ir/bn/news/india-i125528-অভ্যন্তরীণ_বিষয়ে_ইউরোপের_হস্তক্ষেপ_অগ্রহণযোগ্য_ভারত
ভারতভারতের মণিপুরে চলমান সহিংসতার নিন্দা করে ইউরোপীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ওই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।ওই প্রস্তাবে অশান্তি মোকাবিলায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও বিজেপির প্রথম সারির নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৩:৩১ Asia/Dhaka
  • অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য : ভারত

ভারতভারতের মণিপুরে চলমান সহিংসতার নিন্দা করে ইউরোপীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ওই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।ওই প্রস্তাবে অশান্তি মোকাবিলায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও বিজেপির প্রথম সারির নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে।

  সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও বলেছে ইউরোপীয় সংসদ। ফ্রান্সের স্ট্র্যাসবুর্গে ইউরোপীয় সংসদের চলতি অধিবেশনে এই প্রস্তাবে মণিপুরে সহিংসতায় জীবন ও সম্পত্তি হানির কড়া ভাষায় নিন্দা করা হয়েছে।

ইউরোপীয় সংসদ ভারতের সার্বিক পরিস্থিতির উল্লেখ করে সমালোচনায় সরব হয়েছে। তাদের প্রস্তাবে বলা হয়েছে, সংখ্যালঘু, নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের নিয়মিত নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। মণিপুরে ‘মেইতেই’ ও ‘কুকি’দের মধ্যে সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে প্রস্তাবে ভারত ও স্থানীয় কর্তৃপক্ষকে দুর্গতদের জন্য অবাধে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের  উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থেকে শান্তি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে প্রস্তাবে। এ ছাড়া মণিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ইউরোপীয় সংসদ।

ইউরোপীয় সংসদের সদস্যরা ভারতীয় কর্তৃপক্ষকে সহিংসতার স্বাধীন তদন্ত, শাস্তি থেকে  পালানোর মামলা মোকাবেলা এবং ইন্টারনেট নিষেধাজ্ঞার অবসানের দাবিও জানিয়েছেন।

ভারত এ ব্যাপারে তীব্র বিরোধিতা করে বলেছে, বিষয়টি সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রস্তাব ঔপনিবেশিক মানসিকতারই প্রতিফলন।’  তার কথায়, মণিপুরে শান্তি ও সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ  পদক্ষেপ করেছে দিল্লি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইইউকে জানিয়ে  দেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রাও এই বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সংশ্লিষ্ট ইইউ এমপিদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের কাছে স্পষ্ট করা হয়েছে যে এটি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে কোয়াত্রা বলেন,  ‘এটি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

 প্রসঙ্গত, গত দু’মাসের বেশি সময় ধরে মণিপুরে, বিশেষ করে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষ চলছে। মেইতেই সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’র  মর্যাদা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কুকি ও অন্য উপজাতি সম্প্রদায়ের লোকেরা মাঠে নামায় গত ৩ মে থেকে সেখানে সহিংসতা চলছে। এ সব ঘটনায় কমপক্ষে দেড়শ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রাণ শিবির এবং প্রতিবেশী রাজ্যে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যটিতে শান্তিও বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও সেখানকার অশান্তি থামার লক্ষণ দেখা যাচ্ছে না।

এদিকে, গতকাল (বৃহস্পতিবার) ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ ফ্রান্স সফরে  প্যারিসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওরলি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। প্যারিস সফরের প্রথম দিনেই ইউরোপে যেভাবে মণিপুরের ভূত তাড়া করল তা প্রধানমন্ত্রী মোদীর পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছেন বিশ্লেষকরা।   #

পার্সটুডে/এমএএইচ/১৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।