ভাঙড়ে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে নওশাদ সিদ্দিকি
‘আইএসএফ’ বিধায়ককে বিজেপির দালাল বললো তৃণমূল!
-
নওশাদ সিদ্দিকি
পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি আজ নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙড়ে যাওয়ার পথে 'নিউটাউনের হাতিশালার কাছে' পুলিশের বাধার মুখে পড়েছেন। এরফলে দীর্ঘক্ষণ ধরে তিনি নিজ গাড়িতে আটকে ছিলেন।
আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা ও বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশ কর্মকর্তাদের দাবি, ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকায় ওই এলাকায় যেতে বিধায়ককে বাধা দেওয়া হয়েছে।
গণমাধ্যমের প্রতিনিধিদের দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমি বিধায়ক, আর আমাকে যেতে দেওয়া হচ্ছে না! রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। এ ভাবে আমায় আটকে রাখা যাবে না।’
সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বার বার সংঘর্ষ, বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। ঘটেছে হতাহতের ঘটনাও। গত (মঙ্গলবার) ভোট গণনার দিনও প্রাণহানি হয়েছে সেখানে। কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে নিহত হয়েছিল তিন জন। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে দু’জন ছিলেন আইএসএফ কর্মী এবং একজন গ্রামবাসী বলে দাবি করা হয়। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি ওই ঘটনায় ইতোমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ তদন্তের দাবি জানিয়েছেন।
আজ (শুক্রবার) ১৪৪ ধারা জনিত কারণ দেখিয়ে পুলিশ তাকে ভাঙড়ে যেতে বাধা দেওয়ায় বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি শান্তির বার্তা নিয়ে সব জায়গায় ঘুরি। আজকেও শান্তির বার্তা নিয়ে এসেছি। একটাই কথা কারও প্ররোচনায় পা দেওয়া যাবে না ভাঙড়বাসীর। ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকালও বলেছি, আজকেও বলছি, বিগত দিনেও বলেছি। ভাঙড়ের মানুষের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের বাহিনীর সমন্বয়ে গোটা ভাঙড়ে চিরুনি তল্লাশি হোক। কোনোভাবেই যেন ভাঙড়ে অনৈতিক কাজ না হয় সে কথাও আমি বলেছি।’
অন্যদিকে, বিধায়ক নওশাদ সিদ্দিকির তীব্র সমালোচনা করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘উনি তো উত্তেজনা ছড়াতে যাচ্ছেন। ওনার লোকেরাই ওখানে গণ্ডগোল করেছে, উনি তো শুভেন্দুর (বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক) ল্যাংবোট। উনি তো বিজেপির চামচা! বিজেপির দালাল! ২০২১ সালের ভোটের আগে তো বিজেপিকে হোয়াটসঅ্যাপ করছিলেন। ফলে বিজেপির হয়ে কিছু মানুষকে ভুল বোঝাবার জন্য নওশাদ সিদ্দিকি ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ ঠিক করেছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।