মমতার কোমরে দড়ি না পরানো পর্যন্ত লড়াই চলবে : শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মমতার কোমরে দড়ি না পরানো পর্যন্ত লড়াই চলবে।
হাওড়ার আমতায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তিনি আজ (শনিবার) সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় হাওড়ার আমতায় তৃণমূলের দুর্বৃত্তদের হাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে আজ বলেন, ‘দোকান লুট করেছে, পঞ্চম শ্রেণির এক শিশুর শ্লীলতাহানি করেছে। এই ‘জেহাদি মমতা ব্যানার্জি’র নোংরা রাজনীতি, গোটা পশ্চিমবঙ্গে ’২১ সালের পরে করেছিল। এজন্য দায়ী পুলিশ আর বিডিও। গোটা রাজ্যে ভোট লুট করেছে। পুলিশকে আগে গ্রেফতার করা উচিত। এদের ভোট লুট হয়ে গেছে। এদের কোনও কাউন্টিং এজেন্টকে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি। প্রহসনের ছাপ্পা পঞ্চায়েত ভোট হয়েছে। মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পরানো পর্যন্ত এ লড়াই চলছে, চলবে।’এরপরেই তিনি শ্লোগান তোলেন, ‘খুনি মমতা নিপাত যাক, নিপাত যাক।’উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা তাতে গলা মেলান।
হাওড়ার আমতার ঘটনা প্রসঙ্গে বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তাদের প্রার্থী এবং তাদের পরিবারের উপর অত্যাচার শুরু করেছে তৃণমূল। শুক্রবার দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে সবাইকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়েছিল। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। শাসকদলের দাবি, ওই ঘটনার সঙ্গে কোনওভাবে তাদের কোনও কর্মী-সমর্থক জড়িত নন।
হাওড়া জেলা গ্রামীণের বিজেপি সভাপতি অরুণোদয় পাল চৌধুরীর অভিযোগ, ‘ছ’টি ঘর এবং দোকান জ্বালিয়ে দিয়েছে তৃণমূল। পুলিশ এখানে দলদাসের ভূমিকা পালন করছে।’এ নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যা ঘটেছে, তা দুঃখজনক।কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। #
পার্সটুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।