মিজোরামের মুখ্যমন্ত্রীর অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়: বীরেন সিং
https://parstoday.ir/bn/news/india-i126082-মিজোরামের_মুখ্যমন্ত্রীর_অন্য_রাজ্যের_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_করা_উচিত_নয়_বীরেন_সিং
ভারতে বিজেপিশাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুলাই ২৭, ২০২৩ ১৫:৪০ Asia/Dhaka
  • মিজোরামের মুখ্যমন্ত্রীর অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়: বীরেন সিং

ভারতে বিজেপিশাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

মণিপুরে চলমান সহিংসতার মধ্যে এবার প্রতিবেশি রাজ্য মিজোরামের মুখ্যমন্ত্রীর ভূমিকা সম্পর্কে মণিপুরের মুখ্যমন্ত্রীর অসন্তোষের কথা প্রকাশ্যে এলো। 

গত (মঙ্গলবার) মিজোরামে কুকি সম্প্রদায়ের সমর্থনে বের হওয়া প্রতিবাদ মিছিলে বিরক্তি প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ওই প্রতিবাদ মিছিলে শামিল ছিলেন। ‘সেন্ট্রাল ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (সিওয়াইএমএ), মিজো জিরলাই পাওল (এমজেডপি)সহ পাঁচটি মিজো নাগরিক গোষ্ঠীর পক্ষ থেকে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। জানা গেছে, মণিপুরের জো উপজাতিরা আদতে মিজো জনগোষ্ঠীর অংশ। অভিযোগ, গত ৩ মে থেকে মণিপুরে ধারাবাহিক সহিংসতার শিকার হয়েছে তারা। কয়েক হাজার জো উপজাতির নাগরিক মণিপুর থেকে মিজোরামে আশ্রয় নিয়েছেন। 

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, রাজ্য সরকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার পর থেকেই উত্তেজনা ছড়ায়। মণিপুর সরকার রাজ্যে বসবাসকারী কুকিদের বিরুদ্ধে নয়। রাজ্যের অখণ্ডতা রক্ষার জন্য তিনি বদ্ধপরিকর একথাও জানিয়ে দেন।   

গতকাল (বুধবার) একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। সেখানে তিনি বলেন, ‘আমি মিজেরামের মুখ্যমন্ত্রীকে বলব, অন্য  রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না।’বিষয়টিকে তিনি অনুরোধ বললেও, মিজোরাম সরকারের ভূমিকায় মণিপুরের বিজেপি সরকার যে অসন্তুষ্ট, মণিপুরের মুখ্যমন্ত্রীর কথায় তা স্পষ্ট বলে অনেকেই মনে করছেন।   

প্রসঙ্গত, কুকি এবং মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদের কারণে প্রায় তিন মাস ধরে উত্তপ্ত রয়েছে মণিপুর। সেখানে চলমান সহিংসতার কারণে, কুকি-জোমি সম্প্রদায়ের কমপক্ষে ১৩ হাজার মানুষ পালিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছেন।#

পার্সটুড/এমএএইচ/এমআরএইচ/২৭    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।