নিন্দা জানালেন ওয়াইসি
'সনাতন ধর্মের দিকে যে চোখ তুলে তাকাবে, তার চোখ তুলে নেওয়া হবে'
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, সনাতন ধর্মের দিকে যে চোখ তুলে তাকাবে, তার চোখ তুলে নেওয়া হবে।
এভাবে যারা সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করবে তাদের উচিত শিক্ষা দেওয়ার কথা বলেছেন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তার এ ধরণের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গতকাল (সোমবার) এ প্রসঙ্গে ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় পানিশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে সনাতন ধর্মের বিষয়ে তার মন্তব্যের জন্য টার্গেট করেছেন। এর পাশাপাশি তিনি এটিকে জি ২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের সাথে যুক্ত করে তাকে কোণঠাসা করেছেন।
ওয়াইসি এক বার্তায় বলেছেন, যেহেতু জি ২০ সম্মেলন শেষ হয়েছে এবং ঘোষণাপত্রের ৭৮ নম্বর পয়েন্টের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। নরেন্দ্র মোদী মন্ত্রীসভার মাননীয় মন্ত্রী সহিংসতার পক্ষে, তাই এখন এটি একটি উন্মুক্ত মরসুম হতে চলেছে।
প্রসঙ্গত, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন মতাদর্শ সম্পর্কে সম্প্রতি বিরূপ মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিরোধী জোটকে টার্গেট করে বলেন, এখন এই অহংকারী জোটের নেতারা ঐক্যবদ্ধ হয়ে সনাতনকে ধ্বংস করার কথা বলছে। আমি তাদের বলতে চাই এত মুঘল হানাদার সনাতনকে ধ্বংস করতে পারেনি, তাহলে তোমরা কীভাবে ধ্বংস করবে? যে সনাতন ধর্মকে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছিলেন।’
মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও বলেন, এখন কিছু লোক সনাতন ধর্মকে শেষ করার কথা বলছে, এবার আমরা তাদের সহ্য করব না। আমি তাদের বলতে চাই যে সনাতনের বিরুদ্ধে কথা বলবে, আমরা সেই জিহ্বাকে টেনে বের করে ফেলব। যে কেউ সনাতনের দিকে চোখ তুলে তাকাবে, আমরা আঙুল ঢুকিয়ে তার প্রত্যেকটি চোখ বের করে দেবো। এরপরেই ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/১২