মধ্যপ্রদেশ কৃষকের আত্মহত্যা, দুর্নীতি ও আদিবাসীদের অপমানের বোঝা বহন করছে: রাহুল গান্ধী
-
রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মধ্য প্রদেশে দলীয় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন।
রাজ্যটিতে আগামী ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজ (মঙ্গলবার) বলেন, মধ্য প্রদেশের ভূমি গত ১৮ বছর ধরে কৃষকের আত্মহত্যা, ব্যাপক দুর্নীতি এবং আদিবাসীদের অপমানের বোঝা বহন করছে। কিন্তু আর কখনো না। আগামী নির্বাচনে মধ্য প্রদেশের মানুষ বিজেপি সরকারকে যোগ্য জবাব দেবে। তিনি মধ্য প্রদেশকে বিজেপির ল্যাবরেটরি উল্লেখ করে বলেন, বিজেপির ল্যাবরেটরিতে ১৮ বছরে ১৮ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। দৈনিক ৩ জন কৃষক আত্মহত্যা করেন।
রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ফাঁকা প্রতিশ্রুতি দেয় না। আমরা ‘পেসা’ আইন এনেছি, বন অধিকার আইন এনেছি। আমরা একটা আইন করেছিলাম, কোনো শিল্পপতি আদিবাসীদের জমি চাইলে গ্রামসভার সামনে হাত জোড় করে জমি চাইতে হবে। কিন্তু বিজেপি এই ‘পেসা’ আইন বাতিল করেছে। বিজেপি সরকার ভয় দেখিয়ে আপনাদের জমি কেড়ে নিয়েছে। আপনারা প্রতিবাদ করলে সরকারি শক্তি প্রয়োগ করে আপনাদের হটিয়ে দেওয়া হয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের যে অধিকার তা আমরা আপনাদেরকে দেবো।
রাহুল গান্ধী জাতিশুমারির উল্লেখ করে বলেন, ‘কেন্দ্রীয় সরকার ৯০ জন কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়। ছোট-বড় সব সিদ্ধান্ত এই কর্মকর্তারা নিয়ে থাকেন। এই কর্মকর্তারা বাজেটের অর্থ কীভাবে ব্যবহার করা হবে তা ঠিক করেন। এর মধ্যে মাত্র ৩ জন কর্মকর্তা ‘ওবিসি’(অন্যান্য অনগ্রসর শ্রেণি)। সরকার যদি ১০০ টাকা খরচ করে, তাহলে আদিবাসী কর্মকর্তা মাত্র ১০ পয়সার সিদ্ধান্ত নেন! এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে! তিনি বলেন, এজন্য আমরা আওয়াজ তুলছি। উপজাতি সম্প্রদায়ের কত ভাগ, ওবিসি শ্রেণির কতটা ভাগ পাওয়া উচিত তা জাতি শুমারির মাধ্যমে সম্ভব’ বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি।
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।