ইসরাইল শান্তিতে থাকতে চাইলে ফিলিস্তিনিদেরকে তাদের অধিকার দিতে হবে: কালবে জাওয়াদ
ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে ভারতের বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ বলেছেন, ইসরাইল যদি শান্তিতে থাকতে চায় তাহলে তাদের ফিলিস্তিনিদের অধিকার দিতে হবে।
আজ (শুক্রবার) লক্ষনৌতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যুদ্ধ বন্ধ করা এবং ওই ইস্যুতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বলেছেন।
মাওলানা কালবে জাওয়াদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ইসরাইলকে আক্রমণকারী দেশ বলেছিলেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, প্রথমে আমাদের মোদীজি যুদ্ধ বন্ধ করুন, তারপর টেবিল টকের মাধ্যমে কথা বলুন, ফিলিস্তিনিরা তাদের যা অধিকার আছে তা যেন পায়। এই যুদ্ধে হামাসের লোকজন কোথায় নিহত হয়েছে, হামাসের কী ২ বছরের শিশু সদস্য ছিল?
ইসরাইলে রকেট হামলা চালানো হামাসকে ভারতের তৎকালীন বিপ্লবী ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খানের মতো দেশপ্রেমিকদের সাথে তুলনা করে মাওলানা কালবে জাওয়াদ বলেন, ব্রিটিশদের কাছে তারা সন্ত্রাসী ছিল, একইভাবে হামাসকে সন্ত্রাসী বলা হচ্ছে। তারা আসলে দেশপ্রেমিক।
এদিকে, আজ জুমা নামাজের পরে লক্ষনৌয়ের আসিফী মসজিদে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত জনতা শ্লোগান দেয় এবং ইসরাইলকে একটি অত্যাচারী দেশ হিসেবে উল্লেখ করে। এ উপলক্ষে মাওলানা কালবে জাওয়াদ বলেন, ‘ইসরাইলের কয়েক লাখ সেনা, কয়েক হাজার ট্যাঙ্ক এবং তাদের কাছে বোমা আছে। অন্যদিকে, ফিলিস্তিনে জনগণের সংখ্যা খুব কম। কোথায় তাদের প্রতিদ্বন্দ্বিতা? ফিলিস্তিনের জনগণ তাদের জীবন বিসর্জন দিচ্ছে।
তিনি বলেন, বোমাবর্ষণ এখান থেকে হোক বা ওখান থেকে হোক, তা বন্ধ হওয়া উচিত। নিরীহ মানুষ নিহত হচ্ছে, গাজা উপত্যকার মানুষের জন্য পানি বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ইসরাইল ৩০ বছর ধরে পানি ও ওষুধ বন্ধ করে রেখেছিল, কিন্তু তারা কী পিছু হটেছিল? তারা ফের উঠে দাঁড়িয়েছে। আজ তাদেরকে হত্যা করলেও আগামীতে তারা আবারও উঠে দাঁড়াবে।’
মাওলানা কালবে জাওয়াদ আরও বলেন, যখন ব্রিটিশদের সঙ্গে যখন আমাদের লড়াই (স্বাধীনতা আন্দোলন) চলছিল, গান্ধীজিও সন্ত্রাসী ছিলেন, সুভাষ চন্দ্র বসুও সন্ত্রাসী ছিলেন, ভগৎ সিংও সন্ত্রাসী ছিলেন, আশফাকউল্লাহও সন্ত্রাসী ছিলেন, আপনি তাদেরকে কী সন্ত্রাসী মনে করবেন? তারা আমাদের কাছে ছিলেন দেশপ্রেমিক, কিন্তু তাদের কাছে ছিল সন্ত্রাসী। আমেরিকার বিরুদ্ধে যারাই যায় তাদেরকে ওরা সন্ত্রাসী আখ্যা দেয় বলেও মন্তব্য করেন বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএ/১৩