পশ্চিমবঙ্গে দুর্বৃত্তদের গুলিতে নিহত তৃণমূল নেতা, পাল্টা হামলায় সিপিএম সমর্থকদের বাড়িঘরে আগুন
পশ্চিমবঙ্গের জয়নগরে সাইফুদ্দিন লস্কর(৪৩) নামে এক তৃণমূল নেতা দুর্বৃত্তদের আক্রমণে নিহত হয়েছেন।
আজ (সোমবার) ভোরে ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার পাশাপাশি বিরোধী দলীয় সিপিএম সমর্থকদের বহু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন সাইফুদ্দিন লস্কর। তিনি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন। সাইফুদ্দিন লস্করের স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ ভোর ৫টা নাগাদ মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয় সূত্রে প্রকাশ, দু’টি মোটরবাইকে চড়ে মোট পাঁচ জন দুর্বৃত্ত এসেছিল। এ সময়ে সাইফুদ্দিনকে লক্ষ্য করে গুলি চলে। তিনি কাঁধে গুলিবিদ্ধ হলে স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তৃণমূলের অভিযোগ-এলাকার সিপিএম নেতা-কর্মীরা ষড়যন্ত্র করে সাইফুদ্দিনকে হত্যা করেছে। এলাকা দখলের উদ্দেশ্যেই এই হত্যার ঘটনা। নিহত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের দাবি, সিপিএম আশ্রিত দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করেছে।
এদিকে, তৃণমূল নেতা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধী সিপিএম কর্মী-সমর্থকদের বহু বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে ২০/২৫টি বাড়ি। ওই ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন ক্ষতিগ্রস্তরা।
এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘জয়নগরে তৃণমূল নেতা সাইফুদ্দিন খুন হয়েছেন। মাফিয়া নেতা বলে ওকেএলাকায় সবাই চেনেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে মাফিয়ারাজ চলে। বখরার লড়াইয়ের কথা কে জানে না! যেকোনও মৃত্যুই দুঃখজনক। তবে এর জন্য অন্য কারও ঘাড়ে দোষ চাপানোর মানে হয় না।’
অন্যদিকে, বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার বলেন, সাইফুদ্দিন এলাকায় জনপ্রিয় ছিল। তাকে এ ভাবে খুন করা হবে আমরা ভাবতে পারিনি। ওর কোনও শত্রু ছিল বলে জানি না। বিষয়টি রাজনৈতিক। ষড়যন্ত্র করে এই খুন করা হয়েছে। পুলিশকে অনুরোধ- যারা এই খুন করেছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হোক।’ উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।