পশ্চিমবঙ্গে ধর্মের নাম দিয়ে ভোট ভাগ করবেন না : কুণাল ঘোষ
পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ধর্মের নাম দিয়ে ভোট ভাগ না করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (বুধবার) বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে দলীয় কর্মীসভায় বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।
হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, নিশ্চিতভাবে আপনি আপনার ধর্ম পালন করুন। কিন্তু ধর্মের নাম দিয়ে ভোট ভাগ করবেন না। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির তৎপরতা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘ভগবান রামকে আমরাও পুজো করি। মন্দিরে করি, বাড়িতে করি। যারা মুসলিম তারা মসজিদে আল্লাহ্র প্রার্থনা করেন। খ্রিস্টানরা গির্জায় প্রাথনা করেন, কিন্তু এরা (বিজেপি) ধর্মকে ভোটের কাজে লাগায়। ধর্মের ভোট করতে দেবেন না।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A) জোটের অন্যতম শরিক দল কংগ্রেস এবং সিপিএমের সমালোচনায় সোচ্চার হন। যা জোট শরিকদের পক্ষে কিছুটা অস্বস্তিকর বলে মনে করছেন বিশ্লেষকরা।
কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। দেশে ইন্ডিয়া জোট হয়েছে। বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর স্বার্থে মমতা দি (মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী) কংগ্রেসকে সহযোগিতা করছেন। কিন্তু এ রাজ্যের কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কাটার জন্য, বিজেপিকে সহযোগিতা করার জন্য বিজেপির দালালের ভূমিকা পালন করছে। ভোট দিতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে বলেও মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তিনি আজ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মিথ্যেবাদী, চোর, জালিয়াত, চিটিংবাজ, প্রতারক, কুলাঙ্গার, বেইমান, বিশ্বাসঘাতক, মীরজাফর, বিভীষণ ইত্যদি বলে তীব্র কটাক্ষ করেন। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের প্রভাবশালী নেতা ও রাজ্যের মন্ত্রী ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তৃণমূলের দাবি- দুর্নীতির তদন্ত থেকে রক্ষা পেতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
#
এমএএইচ
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।