মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের নামে হিন্দু বিরোধী পদযাত্রা করবেন: শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংহতি মিছিলের নামে হিন্দু বিরোধী পদযাত্রা কর্মসূচি হাতে নেওয়ার অভিযোগ করেছেন।
তিনি আজ (শুক্রবার) মেখলিগঞ্জে বিজেপির বুথ কর্মীদের সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। প্রসঙ্গত, ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের উদ্বোধন হবে। এর মুখ্য ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইদিনে, পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হবে সংহতি মিছিল। পরে পার্ক সার্কাস ময়দানের সভামঞ্চ থেকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে সংহতির বার্তা দেবেন মমতা। ওই কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, গোটা ভারতে সব রাজ্যে বিজেপি সরকার নেই। ভিন্ন ভিন্ন দলের সরকার ক্ষমতায় আছে। বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টান সংগঠন আছে। কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করেনি। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি, হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওইদিন সংহতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছেন বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
পরে তিনি সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘ভেঙে যাওয়া মুসলিম ভোট পুনরুদ্ধার করার জন্য ওই দিন (২২ জানুয়ারি) পায়ে পা দিয়ে ঝগড়া করতে সংহতি মিছিলের নামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা মিছিল করতে চাচ্ছেন। কোনো মুসলিম সংগঠন চাচ্ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন তার কারণ, তিনি মুসলিমদের ঠকিয়েছেন। তিনি ক্ষমতায় আসার পরে ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকিকে রাস্তায় পিটিয়েছেন! তার টুপি ধরে টেনেছেন! তাই মুসলিমরা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) ‘এনআরসি’র (জাতীয় নাগরিক পঞ্জি) ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকে ভোটে জিতেছেন বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, আজ বিভিন্ন ইস্যুতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও অন্যরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।