ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ১৭ জওয়ান হতাহত
https://parstoday.ir/bn/news/india-i133938-ছত্তিশগড়ে_মাওবাদীদের_সঙ্গে_সংঘর্ষে_১৭_জওয়ান_হতাহত
ছত্তিশগড়ের বিজাপুর-সুকমা সীমান্তে নিরাপত্তা কর্মী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ১৭ জওয়ান হতাহত হয়েছে। এদের মধ্যে ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৪ ১৭:০৮ Asia/Dhaka
  • ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ১৭ জওয়ান হতাহত

ছত্তিশগড়ের বিজাপুর-সুকমা সীমান্তে নিরাপত্তা কর্মী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ১৭ জওয়ান হতাহত হয়েছে। এদের মধ্যে ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ,  সুকমার টেকালগুডেম গ্রামে আজ একটি নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হয়েছিল যাতে মানুষের মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া যায় এবং মাওবাদী কার্যকলাপের উপর নজর রাখা যায়। ক্যাম্প স্থাপনের পর জেলা রিজার্ভ গার্ড, কোবরা ব্যাটেলিয়ন এবং বিশেষ টাস্ক ফোর্সের জওয়ানরা ক্যাম্পের কাছে  জোনাগুডা-অলিগুডা এলাকায় টহল দিতে বেরিয়েছিল। এসময় মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

পুলিশের মতে, নিরাপত্তা বাহিনী মাওবাদীদের গুলির যোগ্য জবাব দেয়, তারপরে মাওবাদীরা জঙ্গলের আড়ালে পালিয়ে যায়। তবে, সংঘর্ষ চলাকালীন, তিন জওয়ান  নিহত হয়েছে এবং আরও ১৪ জন আহত হয়েছে।আহত জওয়ানদের সিলগের ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাইপুরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে টেকালগুডেম জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ২৩ জন জওয়ান নিহত হয়েছিলেন।

বস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেছেন, বস্তার পুলিশ এবং নিয়োজিত নিরাপত্তা বাহিনী মাওবাদী সমস্যা থেকে এলাকার মানুষকে মুক্ত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ২০২১ সালের টেকালগুডেম সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও জনস্বার্থে আমরা আবারও টেকালগুডেম গ্রামে ক্যাম্প স্থাপন করব এবং এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিতপ্রাণভাবে কাজ করব।#

এমএএইচ/পার্সটুডে

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।