মধ্য প্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
https://parstoday.ir/bn/news/india-i134200-মধ্য_প্রদেশে_বাজি_কারখানায়_ভয়াবহ_বিস্ফোরণে_নিহত_১১
মধ্য প্রদেশের হরদা জেলায় বৈরাগড়ে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে একশো জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৫:৪৮ Asia/Dhaka
  • মধ্য প্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

মধ্য প্রদেশের হরদা জেলায় বৈরাগড়ে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে একশো জন।

আজ (মঙ্গলবার) সকালের ওই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে। আশপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা। এই সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত ১৭ জনকে চিকিৎসার জন্য ইন্দোর, ভোপাল এবং নর্মদাপুরমে পাঠানো হয়েছে।জানা গেছে, বৈরাগড়ের ওই বাজি কারখানায় আচমকা পর পর জোরালো বিস্ফোরণ হয়, তার পর আগুন ধরে যায়।

স্থানীয় সূত্রে প্রকাশ,  ১০/১৫টি পর পর জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আকাশে আগুনের হলকা এবং ধোঁয়া দেখা যায় বহু দূর থেকে। আতঙ্কে ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করে মানুষজন।পুলিশ জানতে পেরেছে, কারখানাটি রাজু আগরওয়াল নামে এক ব্যক্তির।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তাদের সন্তানদের লেখাপড়ার খরচও বহন করবে সরকার। এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসন সবাইকে সাহায্য করছে। প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ তহবিল থেকে নিহতদের স্বজনদের প্রত্যেককে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

এদিকে, কংগ্রেস বিধায়ক রাম কিশোর দোগনে বলেছেন বিস্ফোরণে কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। এতে প্রায় ১৫০/২০০ মানুষ আহত হয়েছেন। তিনি বলেন,  গুরুতর আহত কমপক্ষে ৪০ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে পাঠানো হয়েছে। ওই দুর্ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করে আবাসিক এলাকায় কারখানা চালুর বিষয়ে প্রশাসন কেন নজর দেয়নি বলে তিনি প্রশ্ন করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।