বুরাহান ওয়ানি ছিলেন কাশ্মিরের প্রতিরোধ আন্দোলনের প্রতীক: মিরওয়াইজ
-
জন সমাবেশে ভাষণ দিচ্ছেন মিরওয়াইজ ওমর ফারুক(ফাইল ছবি)
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হুররিয়াত কনফারেন্স বলেছে বুরাহান ওয়ানি ছিলেন কাশ্মিরের প্রতিরোধ আন্দোলনের প্রতীক এবং তার হত্যাকাণ্ডে এ উপত্যকার তরুণদেরকে হিজবুল মুজাহেদিনে যোগ দিতে উৎসাহিত করবে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন হুররিয়াত নেতা মিরওয়াইজ ওমর ফারুক।
রোববার প্রকাশিত এ সাক্ষাৎকারে মিরওয়াইজ কাশ্মিরের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে যোগদানকারী তরুণদের সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, এরা হলো কাশ্মিরের শিক্ষিত তরুণ এবং প্রতিরোধ আন্দোলনে জড়িত এ মাটির সন্তান। এ সব তরুণকে প্রশিক্ষণ নিতে কাশ্মিরের বাইরে কোথাও যেতে হয় না বা তাদেরকে কেউ পর্দার আড়াল থেকে সহায়তাও করছে না বলে জানান তিনি।

কাশ্মিরের পিডিপি-বিজেপি জোট সরকার সেখানকার সমস্যাকে আরো গভীর করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কাশ্মিরের মানুষ মনে করে সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক ভাবে তাদের কর্তৃত্ব খর্ব করছে ভারত। কাশ্মিরের মানুষ প্রতিরোধ আন্দোলনকে রাজনৈতিক পর্যায়ে সীমিত রাখতে চেয়েছিল কিন্তু শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনের কোনো সুযোগ কাশ্মিরে নেই বলেও জানান তিনি। কাশ্মিরের জোট সরকারের শরিকরা আর সেখানকার স্বশাসন নিয়ে কোনো কথা বলছে না বলেও জানান মিরওয়াইজ।
রাজনৈতিক তৎপরতার সুযোগ না থাকায় কাশ্মিরের তরুণরা অস্ত্র তুলে নিচ্ছে। বিশেষ করে ২০১০ সালে কাশ্মিরের রাজপথের আন্দোলন নিরাপত্তা বাহিনী স্তব্ধ করে দেয়ার পর এমনটি ঘটছে বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১১