কাশ্মির: আরো এক বিক্ষোভকারী নিহত, ‘এনকাউন্টারে’ নিহত ৩ গেরিলা
https://parstoday.ir/bn/news/india-i14758-কাশ্মির_আরো_এক_বিক্ষোভকারী_নিহত_এনকাউন্টারে’_নিহত_৩_গেরিলা
ভারত নিয়ন্ত্রণে কাশ্মিরে আজ(শনিবার) পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘এনকাউন্টারে’ তিন গেরিলা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৬ ১৯:৩১ Asia/Dhaka
  • কাশ্মির: আরো এক বিক্ষোভকারী নিহত, ‘এনকাউন্টারে’ নিহত ৩ গেরিলা

ভারত নিয়ন্ত্রণে কাশ্মিরে আজ(শনিবার) পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘এনকাউন্টারে’ তিন গেরিলা নিহত হয়েছে।

গত সপ্তাহে ২২ বছর বয়সী গেরিলা কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভ সহিংসতায় কাশ্মিরে এ নিয়ে অন্তত ৩৯ জন অর্থাৎ দিনে গড়ে পাঁচজনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে ৩১০০এর বেশি। আহতের মধ্যে অর্ধেক নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানানো হয়েছে।

কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা আজ বিকালে কুপওয়ারা জেলার একটি থানায় হামলা করলে একজন বিক্ষোভকারী নিহত এবং দুই জন আহত হয়। অবশ্য কাশ্মিরের অন্য এলাকায় পরিস্থিতি তুলনামূলক ভাবে শান্ত ছিল বলে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে।

এদিকে কাশ্মিরের পুঞ্চ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘এনকাউন্টারে’ তিন গেরিলা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার খুব সকালে এ ‘এনকাউন্টার’ ঘটেছে বলে খবরে উল্লেখ করা হয়।

এ ছাড়া, কাশ্মির থেকে ছাপানো সংবাদপত্র প্রকাশে বাধা সৃষ্টির খবরও ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। শুক্রবার রাতে কোনো কোনো ছাপাখানায় হামলা করেছে পুলিশ এবং কাগজছাপা সংক্রান্ত জিনিসপত্র জব্দ করেছে। এ ছাড়া, কাশ্মিরের বেশির ভাগ এলাকায় ক্যাবল টিভি সার্ভিসও বাধাগ্রস্ত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬