পাকিস্তান অধিকৃত ‘আজাদ কাশ্মির’কে মুক্ত করতে মোদিকে পরামর্শ দিলেন রামদেব
-
বাবা রামদেব ও নরেন্দ্র মোদি
ভারতে যোগগুরু নামে পরিচিত বাবা রামদেব পাকিস্তান অধিকৃত কাশ্মিরকে (আজাদ কাশ্মির) মুক্ত করার জন্য প্রচার অভিযান চালাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন।
রামদেব বলেছেন, ‘এই সময় অধিকৃত এবং বিতর্কিত জমি ফিরে পেতে ভারত কংক্রিট পদক্ষেপ নিতে পারে। প্রধানমন্ত্রী মোদিকে পাক অধিকৃত কাশ্মিরকে মুক্ত করার জন্য প্রচার অভিযান শুরু করা উচিত।’
রামদেব বলেন, ‘নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান কাশ্মিরকে যেকোনো মূল্যে লাভ করবেই। তিনি বলেন, ‘আমাদের শিশুরা মানচিত্রেই স্রেফ কাশ্মিরকে দেখছে। কিন্তু পাকিস্তান একে কব্জা করে রেখেছে। যখন একটি কাপুরুষোচিত দেশ এক মহান দেশের অংশ কব্জা করে রাখে তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে পাকিস্তানের ভূমি থেকে ভারতে হামলা চালানো সক্রিয় সংগঠনকে ধ্বংস করার জন্য মজবুত পদক্ষেপ নেয়া উচিত।’
সম্প্রতি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কাশ্মিরকে জাতিসঙ্ঘের ‘অসমাপ্ত এজেন্ডা’ বলে মন্তব্য করে এই ইস্যুকে সমস্ত আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন এবং কাশ্মিরিদের সব ধরণের সাহায্য করবেন বলে ঘোষণা করেছেন। তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির প্রশংসা করে তাকে ‘শহীদ’ বলে অভিহিত করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অবশ্য ‘নওয়াজ শরীফের স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূর্ণ হবে না’ বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩১