কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় পুলিশকর্মীসহ নিহত ২
https://parstoday.ir/bn/news/india-i17092-কাশ্মিরে_বন্দুকধারীদের_হামলায়_পুলিশকর্মীসহ_নিহত_২
কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কর্মীসহ দুই জন নিহত হয়েছে। এছাড়া অন্য দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাতে গেরিলা হামলার জেরে ওই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৩, ২০১৬ ১০:৫২ Asia/Dhaka
  • আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদকে পুলিশ আটক করে নিয়ে যায়
    আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদকে পুলিশ আটক করে নিয়ে যায়

কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কর্মীসহ দুই জন নিহত হয়েছে। এছাড়া অন্য দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাতে গেরিলা হামলার জেরে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের ধরার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে। দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার চাউনচর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ ওই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মঞ্জুর আহমদ স্থানীয় মসজিদে নামাজ আদায় করার পর মসজিদ থেকে কিছুটা দূরে এক দোকানের বাইরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এ সময় গেরিলারা মঞ্জুর আহমদকে টার্গেট করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই পুলিশ কর্মীসহ ৪ জন মাটিতে লুটিয়ে পড়ে। মঞ্জুর আহমদ এবং অন্যরা নিহত হয়েছে ভেবে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে আহত ৪ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা কনস্টেবল মঞ্জুর আহমদ এবং গ্রামবাসী ফারুক আহমদ দারকে মৃত বলে ঘোষণা করেন। আব্দুল হামিদ এবং বিলাল আহমদ নামে অন্য দু’জন আহত বেসামরিক ব্যক্তির অবস্থা উদ্বেগজনক হওয়ায় তাদের শ্রীনগরের শ্রী মহারাজ হরি সিং হাসপাতালে স্থানান্তর করা হয়।

একটি সূত্র বলছে, নিহত পুলিশ কর্মী মঞ্জুর আহমদ কয়েক বছর ধরে গেরিলাদের হিটলিস্টে ছিলেন। এর আগেও তার ওপরে তিন বার গেরিলা হামলা হয়।

অন্যদিকে, শুক্রবার কারিফিউ সত্ত্বেও শ্রীনগরের মলুরাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়। মাগামে বিক্ষোভকারীদের পাথরের মোকাবিলায় নিরাপত্তা বাহিনী পেলেট গান ব্যবহার করলে ১৫ জন বেসামরিক ব্যক্তি আহত হয়।

এদিন, অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান, বারামুল্লা, সোপোর, কুপওয়াড়া এবং বন্দীপোরাতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। গান্দেরবলে পুলিশের লাঠিচার্জে ৬ জন আহত হয়।

শুক্রবার শ্রীনগরের নৌহাট্টা মসজিদে যাওয়ার সমস্ত রাস্তা সিলকরে দেয়া হয়। ঐতিহাসিক জামিয়া মসজিদে ৫ম জুমা অনুষ্ঠিত হতে পারেনি।

অন্যদিকে, প্রেস কলোনিতে ৭২ ঘণ্টার জন্য ধর্না-অবস্থানে বসা আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় বিধায়ক রশিদের সমর্থকরা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২