মোদির বক্তব্য অত্যন্ত উত্তেজক, দায়িত্বহীন এবং যন্ত্রণাদায়ক: বিলাওয়াল ভুট্টো
https://parstoday.ir/bn/news/india-i17503-মোদির_বক্তব্য_অত্যন্ত_উত্তেজক_দায়িত্বহীন_এবং_যন্ত্রণাদায়ক_বিলাওয়াল_ভুট্টো
কাশ্মির এবং বালুচিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা বিলাওয়াল ভুট্টো। ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় দেয়া ভাষণে গিলগিট, বালুচিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব মন্তব্য করেছেন তা ‘অত্যন্ত উত্তেজক, দায়িত্বহীন এবং যন্ত্রণাদায়ক’ বলে মন্তব্য করেছেন বিলাওয়াল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৮, ২০১৬ ০৭:৩৬ Asia/Dhaka
  • বিলাওয়াল ভুট্টো
    বিলাওয়াল ভুট্টো

কাশ্মির এবং বালুচিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা বিলাওয়াল ভুট্টো। ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় দেয়া ভাষণে গিলগিট, বালুচিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব মন্তব্য করেছেন তা ‘অত্যন্ত উত্তেজক, দায়িত্বহীন এবং যন্ত্রণাদায়ক’ বলে মন্তব্য করেছেন বিলাওয়াল।

গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমি বালুচিস্তান, গিলগিট এবং পাক অধিকৃত কাশ্মীরের বিষয়ে বলতে চাই। এ নিয়ে ভারত সরব হওয়ায় গত কয়েক দিনে ওখানকার অনেক লোক আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

অন্যদিকে, কাশ্মির পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরব হওয়ায় সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো বরদাস্ত করা হবে না। প্রয়োজনে পাক অধিকৃত কাশ্মির এবং বালুচিস্তানে ইসলামাবাদ যে অত্যাচার চালাচ্ছে, তা দুনিয়ার সামনে তুলে ধরা হবে।’ তিনি পাক অধিকৃত কাশ্মিরকে ‘ভারতের অঙ্গ’ বলেও মন্তব্য করেন।

বুধবার পাক পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল বলেন, ‘মোদিকে কাশ্মির এবং ভারতীয় কাশ্মিরিদের, মুসলিমদের এবং দলিতদের বিরুদ্ধে একনাগাড়ে হওয়া অত্যাচারের জন্য আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জবাবদিহিতা করা উচিত।’

তিনি বলেন, ‘বালুচিস্তান গণতান্ত্রিক পাকিস্তানের অভিন্ন অংশ, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কথা বলার কোনো অধিকার নেই।’

বিলাওয়াল বলেন, ‘গত দুই মাস ধরে কাশ্মিরে কারফিউ চলছে, সেখানে নিরপরাধ মানুষ নিহত হচ্ছে। পাকিস্তানে মোদির কিছু ‘বন্ধু’ থাকতে পারে কিন্তু পাকিস্তানের জনগণ বালুচিস্তান বা পাকিস্তানের অন্য কোনো অভিন্ন অংশের বিরুদ্ধে এ ধরণের কথা বরদাস্ত করবে না।’  

ক্ষুব্ধ বিলাওল আরো বলেন, ‘আমরা একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের সার্বভৌমত্বকে যেকোনো মূল্যে বজায় রাখার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে।’

তিনি বলেন, তার দল পাকিস্তানের সমস্ত গণতান্ত্রিক শক্তির সঙ্গে একযোগে মোদির এ ধরণের অপমানজনক বিবৃতির নিন্দা জানিয়েছে। পাক পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওল ভুট্টো বলেন, ‘বিশ্বের সবচেয়ে বিস্ফোরক ইস্যু’ কাশ্মির থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা সফল হবে না।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮