কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে ওআইসি: জাতিসংঘ প্রস্তাব মানতে বললেন মহাসচিব
-
ওআইসি মহসচিব আইয়াদ আমিন মাদানি ও পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ওআইসি সেক্রেটারি জেনারেল আইয়াদ আমিন মাদানি বলেছেন কাশ্মির ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।
ইসলামিক দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন ওআইসি। বর্তমানে এর সদস্য ৫৬ টি দেশ। সংগঠনের মহাসচিব আইয়াদ আমিন মাদানী বর্তমানে পাকিস্তান সফর করছেন। দেশটির পক্ষ থেকে সম্প্রতি কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে ওআইসিতে অভিযোগ করা হয়।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া গতকাল শনিবার এক টুইটার বার্তায় বলেন, ‘ওআইসি মহাসচিব বলেছেন, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়। বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত আন্তর্জাতিক বিষয়।’
ভারত যেখানে বার বার কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্য কারো নাক গলানোর অধিকার নেই বলে সাফাই দিচ্ছে সেখানে ওআইসি মহাসচিবের ওই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইসলামাবাদে প্রেস কনফারেন্সের সময় কাশ্মির প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘সেখানকার লোকেদের খোদ এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং জাতিসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী এর সমাধান বের করা উচিত।’
আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, মহাসচিব বলেছেন, ‘রাজনৈতিক স্তরে কাশ্মির সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত শাসিত কাশ্মিরে নিষ্ঠুরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্ভাগ্যবশত ভারতীয় কঠোরতার বিরুদ্ধে অল্প আওয়াজ প্রকাশ্যে আসছে।’
ওআইসি কাশ্মির ইস্যু সমাধান করতে আগ্রহী এবং তারা এ ব্যাপারে পাকিস্তানকে সমর্থন করছেন বলেও মহাসচিব জানান।
মহাসচিব বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কাশ্মিরে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী গণভোটের দাবিকে সমর্থন করা যাতে কাশ্মিরের নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে।
মাদানির সঙ্গে সংবাদ সম্মেলনে পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজও উপস্থিত ছিলেন।
সারতাজ আজিজ পরে এ সংক্রান্ত এক বিবৃতিও প্রকাশ করেন। আজিজ বলেন, ভারত এবং পাকিস্তানকে কাশ্মির সমস্যার সমাধান করার জন্য সংলাপ চালানো প্রয়োজন। আমরা এ ব্যাপারে প্রস্তাব দিয়েছি এবং ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২১