কাশ্মিরে ‘পেলেট গান’ বন্ধ করে রাজনৈতিক সমাধান খুঁজুন: মোদিকে ওমর
-
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ওমর আব্দুল্লাহ
কাশ্মিরে চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধান খুঁজতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দাবি জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
আজ (সোমবার) ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহর নেতৃত্বাধীন কাশ্মিরের বিরোধীদলীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ওই দাবি জানান।
প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যটিতে বিক্ষোভ দমন করতে অবিলম্বে ‘পেলেট গান’ বা ছররা গুলি চালানো বন্ধ করার দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী মোদিকে বিভিন্ন দাবি-দাওয়াসহ একটি স্মারকলিপি দেয়া হয়েছে।
কাশ্মিরি ওই প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বলেন, জম্মু-কাশ্মির সমস্যা একটি রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক উপায়েই এর সমাধান বের করতে হবে।
পরে ওমর আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কাশ্মিরের পরিস্থিতি নিয়ে আমরা কাউকে দোষারোপ করতে চাই না বা এ নিয়ে কোনো রাজনীতিও করতে চাই না। আমরা চাই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হোক। প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে পেলেট গানের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। কারণ, এর ব্যবহারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ এর ফলে মারাত্মকভাবে আহত হয়েছে।’
প্রতিনিধিদের মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথাবার্তা বলা উচিত। তারা আজ রাজ্যের বাস্তব পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করান এবং তাকে এ নিয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেন। সেখানকার অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে লাগাতার ব্যর্থ হলে মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবোধ আরো গভীর হবে বলেও তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মিরে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভে কমপক্ষে ৭০ জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অংশ নেয়া কাশ্মিরি প্রতিনিধিদলে ওমর আব্দুল্লাহ ছাড়াও কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং সিপিআই(এম) সদস্যরা শামিল ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার কাশ্মির পরিস্থিতির কথা কথা জানিয়ে প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়কে স্মারকলিপি দিয়ে তাকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কাশ্মিরি নেতারা। তারা গতকাল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তাকেও রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২