কাশ্মির সমস্যা সমাধানে ভারতীয় সংবিধানের আওতায় আলোচনার প্রশ্নই নেই: গিলানি
https://parstoday.ir/bn/news/india-i18121-কাশ্মির_সমস্যা_সমাধানে_ভারতীয়_সংবিধানের_আওতায়_আলোচনার_প্রশ্নই_নেই_গিলানি
কাশ্মিরে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি ভারতীয় সংবিধানের আওতায় সংলাপকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। বুধবার ফোনের মাধ্যমে তিনি দক্ষিণ কাশ্মিরের এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। গিলানি বলেন, ‘ভারতীয় সংবিধান আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়, এজন্য তার ভিত্তিতে আলোচনার কোনো প্রশ্নই নেই।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ০৭:১৯ Asia/Dhaka
  • হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি
    হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি

কাশ্মিরে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি ভারতীয় সংবিধানের আওতায় সংলাপকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। বুধবার ফোনের মাধ্যমে তিনি দক্ষিণ কাশ্মিরের এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। গিলানি বলেন, ‘ভারতীয় সংবিধান আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়, এজন্য তার ভিত্তিতে আলোচনার কোনো প্রশ্নই নেই।’

বর্তমানে গৃহবন্দি অবস্থায় থাকা গিলানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ভারতীয় সংবিধানের ভিত্তিতে সংলাপ সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়, গত সাত দশক ধরে এ রকম হয়ে আসছে।’

কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতি দূর করতে সম্প্রতি সেখানকার বিরোধীদলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাকে এ নিয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেন। সে সময় সকল পক্ষের সঙ্গে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মিরে যাবেন বলে ঠিক হয়। যদিও ‘সাংবিধানিক গণ্ডি’র মধ্যে ওই সংলাপ হবে বলে প্রধানমন্ত্রী জানিয়ে দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজনাথ সিং বুধবার দুই দিনের সফরে শ্রীনগরে গেলেও এখনো পর্যন্ত ফলপ্রসূ কিছুই হয়নি।

রাজনাথ কিছুটা কূটনৈতিক ঢংয়ে কৌশল অবলম্বন করে ‘ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ (মানবিকতা, গণতন্ত্র ও কাশ্মিরিয়াত)-এর ওপর আস্থা আছে এমন সব পক্ষকে আলোচনায় ডাকলেও, তাতে যে বিশেষ কাজ হয়নি তা স্পষ্ট হয়েছে।

সেখানকার আন্দোলনের অন্যতম চালিকাশক্তি হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানী সাফ জানিয়ে দিয়েছেন, ‘ভারতীয় সংবিধানে আমরা বিশ্বাস করি না। ফলে সেই গণ্ডির মধ্যে আলোচনার প্রশ্নই নেই।’

এভাবে ‘সাংবিধানিক কাঠামো’র মধ্যে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংলাপের যে প্রস্তাব দিয়েছিলেন তা নাকচ করে দিয়েছেন হুররিয়াত প্রধান।

অন্যদিকে, হুররিয়াতের আরেক অংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক কাশ্মির সমস্যার রাজনৈতিক সমাধানে পাকিস্তানের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য ওমর ফারুকের ওই দাবিকে নাকচ করে দেয়া হয়েছে।

কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নির্বাহী সভাপতি ওমর আব্দুল্লাহ এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে আলাপ-আলোচনায় হুররিয়াতকে শামিল করার পক্ষে সাফাই দিয়েছেন। বিক্ষোভকারীদের উপর হুরিয়াত নেতাদের প্রভাব রয়েছে সে কথা মনে করিয়ে দিয়ে কাশ্মির পরিস্থিতির উন্নতিতে তাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন।

এ ভাবে আলোচনায় হুররিয়াত নেতাদের অন্তর্ভুক্তির প্রসঙ্গ উঠলেও হুররিয়াত নেতারা এই মুহূর্তে গৃহবন্দি হয়ে রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে সেখানকার মূলধারার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে তাদের মন বুঝতে চাইছেন বলে মনে করা হচ্ছে। যদিও ওই সংলাপে প্রতিবাদকারীদের শামিল করতে না পারলে আখেরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে তা কতদূর ফলপ্রসূ হবে তা নিয়ে পর্যবেক্ষক মহলে সংশয় সৃষ্টি হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫