রাজনাথ-মেহবুবা বৈঠক: শান্তিপূর্ণ উপায়ে কাশ্মির সমস্যা সমাধানে গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/india-i18145-রাজনাথ_মেহবুবা_বৈঠক_শান্তিপূর্ণ_উপায়ে_কাশ্মির_সমস্যা_সমাধানে_গুরুত্বারোপ
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘পাথর ছুঁড়ে এবং সেনাবাহিনীর ক্যাম্পে হামলা করে কোনো সমস্যার সমাধান হবে না। আমি সংলাপের মাধ্যমে কাশ্মির সমস্যা সমাধানের পক্ষপাতি।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ১৩:০২ Asia/Dhaka
  • রাজনাথ সিং- মেহবুবা মুফতি
    রাজনাথ সিং- মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘পাথর ছুঁড়ে এবং সেনাবাহিনীর ক্যাম্পে হামলা করে কোনো সমস্যার সমাধান হবে না। আমি সংলাপের মাধ্যমে কাশ্মির সমস্যা সমাধানের পক্ষপাতি।’

আজ (বৃহস্পতিবার) শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। মেহবুবা বলেন, ‘রাজ্যের ৯৫ শতাংশ মানুষ শান্তি চান, যদিও মাত্র ৫ শতাংশ মানুষ শান্তি চায় না। ওই ৫ শতাংশকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মিরের পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘উপত্যাকার বর্তমান পরিস্থিতিতে আমরা খুব ব্যথিত। এজন্য আমি গতকাল এখানে আসা মাত্রই টুইটার বার্তায় বলেছিলাম, ‘ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ (মানবিকতা, গণতন্ত্র ও কাশ্মিরিয়াত)-এর  মধ্যে থেকে যারা কথা বলতে চান, আমি তাদের সঙ্গে কথা বলব। রাজ্যে সংকট সৃষ্টি হওয়ার পর থেকে এ নিয়ে দুই বার আমি কাশ্মিরে এলাম। ২০ টির বেশি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ভালো আলাপ আলোচনা হয়েছে। সকলেই চাইছেন কাশ্মিরে শান্তি কায়েম হোক। আমিও সবাইকে সহযোগিতা করার জন্য আবেদন করেছি। গতকাল থেকে তিনশ’র কাছাকাছি মানুষজনের সঙ্গে কথা হয়েছে।’

রাজনাথ বলেন, ‘কাশ্মিরে বসবাসকারী মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা কী এ ধরণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব না? সকলের কাছে আবেদন, কাশ্মিরের যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। তরুণ, যুবকদের হাতে কলম, কম্পিউটার থাকা উচিত। কারা তাদের পাথর হাতে তুলে নেয়ার অনুমতি দেয়!’ 

রাজনাথ বলেন, ‘যারা পাথর হাতে তুলে নিচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা উচিত। যদি কাশ্মিরের ভবিষ্যৎ তৈরি না হয় তাহলে ভারতের ভবিষ্যৎ তৈরি হবে না।’

কাশ্মিরে চলমান পরিস্থিতি মোকাবিলা করতে গত ২৩/২৪ জুলাই রাজনাথ ওই রাজ্য সফর করেন। গত ২৪ জুলাই সেখান থেকে ফিরে আসার পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ২৪ আগস্ট ফের দুই দিনের সফরে কাশ্মিরে গেছেন রাজনাথ।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫