কাশ্মিরে মোদিই একমাত্র শান্তি আনতে পারেন: মেহবুবা মুফতি
https://parstoday.ir/bn/news/india-i18331-কাশ্মিরে_মোদিই_একমাত্র_শান্তি_আনতে_পারেন_মেহবুবা_মুফতি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আজ বলেছেন, ‘কেবলমাত্র নরেন্দ্র মোদিই কাশ্মিরে পরিবর্তন আনতে পারেন।’ আজ (শনিবার) কাশ্মির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মেহেবুবা সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদিই চাইলে কাশ্মিরে খুন খারাবি বন্ধ হয়ে যাবে। তার পাশে ভারতের সমস্ত রাজনৈতিক দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। সকলেই চাইছেন কাশ্মিরে শান্তি বহাল হোক।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৬ ১৩:৪২ Asia/Dhaka
  • কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
    কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আজ বলেছেন, ‘কেবলমাত্র নরেন্দ্র মোদিই কাশ্মিরে পরিবর্তন আনতে পারেন।’ আজ (শনিবার) কাশ্মির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মেহেবুবা সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদিই চাইলে কাশ্মিরে খুন খারাবি বন্ধ হয়ে যাবে। তার পাশে ভারতের সমস্ত রাজনৈতিক দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। সকলেই চাইছেন কাশ্মিরে শান্তি বহাল হোক।’

তাৎপর্যপূর্ণভাবে মেহেবুবা আজ বলেন,‘মোদিজির কাছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি থাকাকালীন যদি কাশ্মিরে কিছু না হয় তাহলে কখনোই কিছু হবে না।’

পাকিস্তানের সমালোচনা করে মেহবুবা বলেন,‘পাকিস্তান যদি সত্যিই কাশ্মিরের যুবকদের জন্য উদ্বিগ্ন হয়, তাহলে তারা পাথর ছোঁড়ার জন্য, নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালানোর জন্য উসকানি দেয়া বন্ধ করুক।’ 

তার মতে, পাকিস্তান যদি কাশ্মিরে শান্তি চায় তাহলে এবার তাদের পদক্ষেপ নেয়ার পালা। পাকিস্তান লোকেদের উসকানি দেয়ার কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রী সেখানে (পাকিস্তানে) গেছেন, পরে স্বরাষ্ট্রমন্ত্রীও সার্ক সম্মেলনে গেছেন। 

মেহবুবা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো পাকিস্তানে গেছেন, এবার পাকিস্তানকে আসতে হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি কাশ্মিরে শান্তি চান। তার আশা তিনি এ কাজে সফল হবেন।

কাশ্মিরে তারা কী হুররিয়াত কনফারেন্সের সঙ্গে কথাবার্তা বলতে চান? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মেহেবুবা বলেন, ‘কথাবার্তা ওই সকল পক্ষের সঙ্গে হওয়া উচিত যারা কাশ্মিরে শান্তি চান। কিন্তু যারা লোকেদের উসকানি দেয়, প্ররোচনা দেয় তাদের সঙ্গে কথাবার্তা বলার উদ্দেশ্য নেই। মোদিজিও কথাবার্তার পথেই চলতে চান।’

মেহবুবা আজ কাশ্মিরি তরুণদের উদ্দেশ্যে এক আবেদনে বলেন, ‘তোমরা আমার উপরে ক্ষুব্ধ হতে পারো, আমি তোমাদের প্রতি নারাজ হতে পারি কিন্তু আমাকে একটা সুযোগ দাও, আমাকে সাহায্য করো।’

বস্তুত, কাশ্মির পরিস্থিতি শান্ত করার দায় অনেকটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে চাপিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অন্যদিকে, হাজার হাজার  নিরাপত্তা বাহিনীর প্রহরা, কারফিউ, ১৪৪ ধারা, ফোন এবং ইন্টারনেটে নিষেধাজ্ঞা, হুররিয়াত নেতাদের গৃহবন্দি ইত্যাদি করেও সরকার যে প্রতিবাদকারীদের গণআন্দোলনের মুখে কার্যত অসহায় তা তরুণদের প্রতি মেহেবুবার আকুল আবেদনে স্পষ্ট হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৭