কাশ্মিরে গিলানির ছেলেকে সমন পাঠাল এনআইএ, ক্ষুব্ধ হুররিয়াত
-
সাইয়্যেদ আলী শাহ গিলানি
ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানির ছেলে ডা. নঈম গিলানিকে সমন পাঠিয়েছে। এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে হুররিয়াত কনফারেন্স বলেছে, ‘কাশ্মিরিদের মানসিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে প্রশাসন। যাতে স্বাধীনতার এই আন্দোলন থামাতে বাধ্য হয় তারা।’
গতকাল (সোমবার) এনআইএ’র দফতরে ডা. নঈম গিলানিকে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও তিনি হাজির হন নি। নতুনভাবে আজ তাকে এনআইএ দফতরে ডাকা হয়েছে।
ডা. নঈম বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে তিনি ফিরে এসেছেন।
হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এনআইএ’র ওই পদক্ষেপকে কাশ্মির উপত্যকার ‘গণভ্যুথ্যান’ দমনে ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে কটাক্ষ করা হয়েছে। সংগঠনটি একে ‘সাজানো মামলা’ বা চাপে ফেলার কৌশল বলে অভিহিত করে গিলানি পরিবারকে ‘ভীত সন্ত্রস্ত করে তাদের ভাবমর্যদা ক্ষুণ্ন করার ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছে।
এর আগে সংগঠনের নেতা মুহাম্মদ আশরাফ সেহেরি, পীর সাইফুল্লাহ, আলতাফ আহমেদ শাহ এবং আইয়াজ আকবরকে আটক করে হেনস্থা এবং জেরা করার পর এবার নঈম গিলানিকে নোটিস দেয়া হয়েছে বলে হুররিয়াতের অভিযোগ।
এনআইএ অবশ্য বলছে, তারা রাজ্যের বাইরে থেকে টাকা পাঠিয়ে সন্ত্রাসবাদী ও ভারত-বিরোধী কাজকর্মে ব্যয় করা হচ্ছে এমন একটি বৈধ মামলা তদন্ত করে দেখছে।
এনআইএ’র পক্ষ থেকে এমন সময় গিলানির ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো যখন কাশ্মিরের চলমান পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় প্রতিনিধিদের মাধ্যমে হুররিয়াত নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে। রাজ্যের মেহবুবা মুফতি সরকারও হুররিয়াতের সঙ্গে প্রকাশ্য অথবা গোপনে কথা বলার চেষ্টা করছে। তবে, সোমবার হুররিয়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে যাবতীয় জল্পনাকে উড়িয়ে দিয়ে তাদের যৌথ কর্মসূচি অনুযায়ী আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০