কাশ্মির ইস্যুতে হুররিয়াতের সঙ্গে আলোচনার দাবি ভারতের ৩ দলের
https://parstoday.ir/bn/news/india-i18973-কাশ্মির_ইস্যুতে_হুররিয়াতের_সঙ্গে_আলোচনার_দাবি_ভারতের_৩_দলের
কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে হুররিয়াত কনফারেন্সের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে ভারতের জেডিইউ, এনসিপি এবং সিপিএম। কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সেখানে সর্বদলীয় এক প্রতিনিধি দল সফর করবেন। তার আগে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার শনিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৬ ১৫:০৪ Asia/Dhaka
  • কাশ্মির ইস্যুতে হুররিয়াতের সঙ্গে আলোচনার দাবি ভারতের ৩ দলের

কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে হুররিয়াত কনফারেন্সের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে ভারতের জেডিইউ, এনসিপি এবং সিপিএম। কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সেখানে সর্বদলীয় এক প্রতিনিধি দল সফর করবেন। তার আগে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার শনিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। 

সর্বদলীয় প্রতিনিধিরা যাতে শ্রীনগরে গিয়ে সকলেই এক সুরে কথা বলেন এবং তারা যাতে এই ইস্যুতে একই সিদ্ধান্তে উপনীত হন সেজন্যই ওই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

এ প্রসঙ্গে জেডিইউ নেতা শারদ যাদব আজ বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে সব দলের নেতাদের ডাকা হয়েছে। এখানে কাশ্মির প্রসঙ্গে বিবৃতি দেয়া হবে। সর্বদলীয় প্রতিনিধি দলকে বলা হবে, শ্রীনগরে গিয়ে কাদের সঙ্গে কথা বলা হবে এবং সরকারের এজেন্ডা কী হবে। কিন্তু আমি চাই, কাশ্মির নিয়ে হুররিয়াত নেতাদের সঙ্গেও কথাবার্তা বলা হোক। শনিবার অনুষ্ঠিত হতে চলা সর্বদলীয় বৈঠকে এ নিয়ে প্রস্তাব দেয়া হবে।’

অন্যদিকে, এনসিপি নেতা তারিক আনোয়ার বলেছেন, ‘সর্বদলীয় প্রতিনিধিদের জম্মু-কাশ্মিরের সকল পক্ষসহ হুররিয়াতের সঙ্গেও কথা বলা উচিত। যদিও আগামীকালের সর্বদলীয় বৈঠকের পরেই বিষয়টি স্পষ্ট হবে। আমরা চাই হুররিয়াতের সঙ্গেও কথা বলা হোক।’  

সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘সর্বদলীয় প্রতিনিধিদের হুররিয়াতসহ সকল পক্ষের সঙ্গে কথা বলা উচিত। যদিও সরকার শনিবারের বৈঠকে কী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তার ওপরই সবকিছু নির্ভর করছে। কোন কোন বিষয়ের ওপর আলোচনা হবে, কাদের সঙ্গে কথা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আমরা অপেক্ষায় রয়েছি।’   

কাশ্মিরে যাওয়ার উদ্দেশ্যে সর্বদলীয় প্রতিনিধি তালিকায় রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গুলাম নবী আজাদ, ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও মুসলিম লিগ সভাপতি ই. আহমদসহ অন্যরা শামিল হয়েছেন।# 

পার্সটুডে/এমএএইচ/এআর/২