কাশ্মির নিয়ে আলোচনায় অরুন্ধতী রায়কে আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/india-i18985-কাশ্মির_নিয়ে_আলোচনায়_অরুন্ধতী_রায়কে_আমন্ত্রণ_জানাচ্ছে_পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য ভারতের প্রখ্যাত মানবাধিকারকর্মী ও লেখিকা অরুন্ধতী রায়কে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেদেশের পাঞ্জাব প্রাদেশিক পরিষদে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৬ ১৭:০৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আলী শাহ গিলানি ও অরুন্ধতী রায়
    সাইয়্যেদ আলী শাহ গিলানি ও অরুন্ধতী রায়

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য ভারতের প্রখ্যাত মানবাধিকারকর্মী ও লেখিকা অরুন্ধতী রায়কে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেদেশের পাঞ্জাব প্রাদেশিক পরিষদে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাদেশিক পরিষদ সদস্য শেখ আলাউদ্দিন কাশ্মির ইস্যুতে অরুন্ধতী রায়কে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন। প্রাদেশিক পরিষদ সদস্যরা বলেন, অরুন্ধতী রায় কাশ্মিরে ভারতীয় সেনাদের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকেন, এজন্য পাঞ্জাব প্রাদেশিক পরিষদে তাকে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত। তার ওই প্রস্তাবকে গ্রহণ করা হয়।     

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শ্রম ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রাজা আশফাক সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ আলাউদ্দিনের পরামর্শকে গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ নিয়ে এগিয়ে যাওয়া হবে। তিনি একে 'সঠিক এবং ডিপ্লোম্যাটিক' বলেও মন্তব্য করেন।    

বৃহস্পতিবার পাঞ্জাব প্রাদেশিক পরিষদে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকারের মন্তব্য নিয়ে আলোচনা করা হয়। পাঞ্জাব প্রদেশিক সরকার পক্ষের সদস্য রমেশ সিং অরোরা পার্রিকারের মন্তব্য প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রতিবাদ জানানোর দাবি জানান। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালাকে সমন পাঠিয়ে এ নিয়ে অসন্তোষ ব্যক্ত করারও দাবি জানিয়েছেন তিনি। কিছুদিন আগে মনোহর পার্রিকার এক বিতর্কিত মন্তব্য করে বলেন, 'পাকিস্তানে যাওয়া মানে, নরকে যাওয়া'।   

রমেশ সিং অরোরা কাশ্মিরে সহিংসতা ছড়ানোর জন্য ভারতকে অভিযুক্ত করেন।  পাকিস্তানের বিরুদ্ধে ভারত মিথ্যা অভিযোগ করছে বলেও তিনি দাবি করেন।

বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায় ২০১০ সালে শ্রীনগরে এক সেমিনারে বলেছিলেন, ‘কাশ্মির কখনো ভারতের অভিন্ন অংশ ছিল না। এটা এক ঐতিহাসিক তথ্য।’ তার ওই মন্তব্য প্রসঙ্গে সেই সময় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২