জম্মু-কাশ্মির ভারতের অভিন্ন অঙ্গ ছিল, আছে এবং থাকবে: রাজনাথ
-
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘জম্মু-কাশ্মির ভারতের অভিন্ন অঙ্গ ছিল, আছে এবং থাকবে।’ আজ (সোমবার) শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে রাজনাথ ওই মন্তব্য করেন।
কাশ্মিরের অশান্ত পরিস্থিতিকে শান্ত করার লক্ষ্যে সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথাবার্তা বলতে রোববার সেখানে দুই দিনের জন্য সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে সফরে গেছেন রাজনাথ সিং। তিনি আজ বলেন, ‘সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে এ পর্যন্ত প্রায় তিনশ’ লোক সাক্ষাৎ করেছেন। এর মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র এবং বুদ্ধিজীবীরা শামিল ছিলেন।’
তিনি বলেন, ‘প্রতিনিধিদলটি রাজ্যের গভর্নর, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গেও কথাবার্তা বলেছেন। সকলেই চাচ্ছেন কাশ্মিরে শান্তি বহাল হোক।’
রাজনাথ সিং হুররিয়াত নেতাদের সমালোচনা করে বলেন, ‘প্রতিনিধিদলের মধ্য থেকে কয়েকজন নেতা ব্যক্তিগত উদ্যোগে হুররিয়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা কাশ্মিরিয়াতও নয়, বা ইনসানিয়াতও নয়।’
তিনি বলেন, ‘আমরা ওই সকল পক্ষের সঙ্গে কথা বলতে চাই, যারা রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে চায়।’ রাজ্যের মেহবুবা মুফতি সরকার পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রাজনাথ বলেন, কাশ্মির পরিস্থিতি নিয়ে গোটা দেশ কষ্টে রয়েছে। সকলের সহযোগিতা চাই, আলোচনার দরজা সকলের জন্য খোলা রয়েছে।
সেখানে বিক্ষোভকারীদের মোকাবিলা করতে পেলেটগানের পরিবর্তে পেলারগানিক অ্যাসিড ভ্যানিলিল অ্যামাইড বা ‘পাভা’ শেল ব্যবহার করা হবে বলেও রাজনাথ সিং ঘোষণা করেন। এরইমধ্যে এক হাজার শেল চলেও এসেছে বলে তিনি জানান।
সর্বদলীয় প্রতিনিধিদলটি আজ শ্রীনগর থেকে জম্মু যাচ্ছে, সেখান থেকে সন্ধ্যায় দিল্লি ফিরবেন তারা।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫