কাশ্মির আন্দোলনকে সমর্থন করায় ইরান, পাকিস্তান, ওআইসিকে ধন্যবাদ গিলানির
https://parstoday.ir/bn/news/india-i19759-কাশ্মির_আন্দোলনকে_সমর্থন_করায়_ইরান_পাকিস্তান_ওআইসিকে_ধন্যবাদ_গিলানির
কাশ্মির আন্দোলনকে সমর্থন এবং চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি। কাশ্মির নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির পাশাপাশি ইরান, চীন, সৌদি আরব, তুরস্ক, নরওয়ে নিউজিল্যান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ০৯:৩৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আলী শাহ গিলানি
    সাইয়্যেদ আলী শাহ গিলানি

কাশ্মির আন্দোলনকে সমর্থন এবং চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি। কাশ্মির নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির পাশাপাশি ইরান, চীন, সৌদি আরব, তুরস্ক, নরওয়ে নিউজিল্যান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন।

সাইয়্যেদ আলী শাহ গিলানি শুক্রবার তার হায়দারপোরার বাসভবনে সংবাদ সম্মেলন ডাকলেও পুলিশ সেই পরিকল্পনা বাতিল করে দেয়। পরে এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে বিব্রত হয়ে ভারত ফের একবার আলাপ আলোচনার ‘প্রহসন’ শুরু করে দিয়েছে। বাস্তব অবস্থা থেকে নজর ঘোরাতেই কয়েকবার এর ব্যবহার করা হয়েছে। ওরা এই প্রশ্ন করতে ফের আসবেন যে আমরা কী চাই? যদিও তারা এই প্রশ্নের উত্তর ভালোভাবেই জানে যে, আমরা স্বাধীনতা চাই।’

গিলানির অভিযোগ, ‘ভারত আবারো এই সমস্যা থেকে বিশ্বের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। সব দল নিয়ে এসে ফের ‘নাটক’ করছে তারা। ওরা খুব ভালো করে জানে, আমরা কেন লড়াই করছি। আমরা স্বাধীনতা চাই। যদিও, প্রত্যেকবারই গোলযোগের সময় ওদের প্রতিনিধি দল এসে আমাদের জিজ্ঞাসা করে, তোমরা কী চাও? এটা তো প্রহসনে পরিণত হয়েছে।’

গিলানি অভিযোগ করে বলেন, ‘নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কাশ্মিরিদের সংকল্পে ভয় পেয়ে গেছে দিল্লি। কাশ্মিরিদের আন্দোলনকে ব্যর্থ করতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করার তালিকা তৈরি করা হয়েছে। তাদের মধ্যে স্বাধীনতার সমর্থক নেতা, কর্মী, ব্যবসায়ী, সরকারি কর্মী এমনকি সাংবাদিকরাও রয়েছেন।’

তিনি বলেন, ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী আমাদেরকে কবজা করেছে। তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় আধাসামরিক বাহিনী রয়েছে যাদের অধিকাংশই কাশ্মিরে মোতায়েন করা হয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিও রয়েছে তাদের। আমাদের কাছে রয়েছে মানুষের প্রতিরোধ ক্ষমতা। আমাদের কোনো সেনা নেই, আমাদের কাছে কোনো মিডিয়া নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের সত্যতা, ঐক্য এবং আজাদ করার জন্য দৃঢ়তা।

তিনি বলেন, ‘পাকিস্তান এবং তাদের জনগণ আমাদের ব্যথা বোঝে। তারা আমাদের আন্দোলনে নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন জানিয়েছে। কাশ্মির আজাদির কাছাকাছি পৌঁছেছে বলেও গিলানি দাবি করেন। পাকিস্তানকে বন্ধু এবং ভারতকে দখলদার হিসেবেও অভিহিত করেছেন হুররিয়াত প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০